শিক্ষকের সম্মান সর্বাগ্ৰে,দেগঙ্গায় বললেন শিক্ষক নেতা একেএম ফারহাদ,
বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা : জাতি গঠনে শিক্ষক সমাজের ভূমিকা অনস্বীকার্য,একথা সু-প্রাচীন কাল থেকে প্রচলিত হয়ে আসছে। প্রকৃত শিক্ষকই পারেন একজন শিক্ষার্থীকে উজ্জ্বল ভবিষ্যতের দিশারী করতে।সেই লক্ষ্যেই বিভিন্ন সময়ে মহান শিক্ষকের আগমন ঘটেছে বিশ্বজুড়ে। একজন শিক্ষার্থীর কাছে প্রথম শিক্ষালয় তার পরিবার হলেও প্রকৃত শিক্ষা অর্জিত হয় প্রাথমিক বিদ্যালয়গুলি থেকেই।প্রাথমিক শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় গোলাপের পাপড়ির মতো ছোট শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের পথে পরিচালিত হতে সাহায্য করে। উল্লেখ্য পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উঃ চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা চক্রের উদ্যোগে শনিবার অষ্টম বার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয় ঝর্ণা ভবনে।

উক্ত সমাবেশে উপস্থিত হয়ে শিক্ষক সমাজের প্রতি, শুভেচ্ছা জানানোর পাশাপাশি কর্মজীবনের সফলতা কামনা করেন হাড়োয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক হাজী শেখ নুরুল ইসলাম। পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা জেলা পরিষদের অন্যতম দক্ষ কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন সমাজে শিক্ষকের সম্মান সবার ঊর্ধ্বে হওয়া উচিত।কারণ শিক্ষকের হাত ধরেই বিভিন্ন ক্ষেত্রে সফল মানুষের আগমন ঘটে। তাই যে সমস্ত প্রকৃত শিক্ষক মন্ডলী আন্তরিকতার সঙ্গে তাদের পেশাকে বেছে নেবে তাদের হাত ধরেই উঠে আসবে নব প্রজন্ম।

উক্ত অনুষ্ঠানে আগত শিক্ষক মন্ডলীদের কাজকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি যে কোন সহযোগিতায় পাশে দাঁড়ানোর আশ্বাস দেন একেএম ফারহাদ। তিনি বলেন শিক্ষকদের পাশে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সব রকমের ব্যবস্থা করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তা অত্যন্ত প্রশংসনীয়।স্থানীয় বিধায়ক রহিমা মন্ডল ধন্যবাদ দেন উপস্থিত শিক্ষকদের পাশাপাশি তিনি বলেন এভাবেই সমাজের উন্নতিতে কাজ করে যান। পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি তার কথায় উঠে আসে বিগতদিনে শিক্ষকদের অবস্থার সঙ্গে বর্তমান সময়ে শিক্ষকদের অগ্রগতি। ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আনিসুর রহমান বিদেশ বলেন শিক্ষক সমাজই পারে জাতির মেরুদন্ড সোজা রাখতে তাই প্রকৃত শিক্ষক সমাজের বেশি বেশি প্রয়োজন।

উল্লিখিত ব্যক্তিবর্গ ছাড়াও বার্ষিক সাধারণ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দেবব্রত সরকার, দেগঙ্গা চক্রের সম্পাদক ঊষা দাস, সভাপতি রাকিব বিশ্বাস, কর্মাধ্যক্ষ অসিত কুমার মন্ডল,পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তুষার কান্তি দাস, প্রধান বাবলু পাড়ুই,শাহাবুদ্দিন মন্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা ও অসংখ্য শিক্ষক-শিক্ষিকা।

