জেলা 

Furfura Sharif Knowledge City: লক্ষাধিক মানুষকে সাক্ষী রেখে দাদা হুজুর পীর আবু বক্কর সিদ্দিকী (রহ) এর নামাঙ্কিত নলেজ সিটিতে এবিএস মাতৃসদনের উদ্বোধন ফুরফুরা শরীফে

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: গতকাল ৮ই ডিসেম্বর বৃহস্পতিবার হুগলীর ফুরফুরা শরীফ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো। নলেজ সিটি গড়ে তোলার প্রথম ধাপ হিসেবে এবিএস মাতৃসদনের শুভ উদ্বোধন উপলক্ষে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হলো ফুরফুরায়। মোজাদ্দেদে জামান পীর আবু বক্কর সিদ্দিকী (রহঃ) নামাঙ্কিত এই নলেজ সিটিতে আগামীদিনে একটি মডেল স্কুল ও একটি আধুনিক হাসপাতালও গড়ে উঠবে।

এই নলেজ সিটি গড়ে তোলার মুখ্য চালক পীরজাদা আব্বাস সিদ্দিকী জনসমাবেশে বলেন, নানান চক্রান্তের জাল ছিন্নভিন্ন করে নলেজ সিটি তৈরির কাজ শুরু হল। সমাজের আপামর জনসাধারণ এই উদ্যোগের ফলে উপকৃত হবে বলে তিনি মত ব্যক্ত করেন। তিনি উপস্থিত জনতাকে এই বিশাল কর্মোদ্যোগে সামিল হবার আহবান জানান।

সমাবেশে এছাড়া বক্তব্য রাখেন ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীর মহঃ ইব্রাহিম সিদ্দিকী, পীরজাদা মহঃ নওসাদ সিদ্দিকী, মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালের বিখ্যাত কার্ডিয়াক সার্জেন ডাঃ কুনাল সরকার, এনেপোয়া ম্যাঙ্গালোর ইউনিভার্সিটির বিশিষ্ট গবেষক ডঃ জাভেদ জামিল, বসিরহাট দরবার শরীফের পীরজাদা বাইজিদ আমিন, জেনেসিস হসপিটালের প্রখ্যাত শল্য চিকিৎসক ডাঃ পূর্ণেন্দু রায়, অ্যাপোলোর বিশিষ্ট চিকিৎসক ডাঃ জয় বসু,ডাঃ মুস্তাক আহমেদ, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আধিকারিক আন্টনী মূর্মু, বিশিষ্ট সমাজসেবী এমডি মামুনুর রশিদ প্রমুখ।

উপস্থিত ছিলেন আরও অনেক বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজকর্মীগণ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সামসুর আলি মল্লিক। এই অনুষ্ঠানটি ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীর আল্লামা আলী আকবর সিদ্দিকীর দোয়ার মাধ্যমে শেষ হয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ