শহরের সমস্ত হুক্কা বার বন্ধ করার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা
বাংলার জনরব ডেস্ক : কলকাতা শহরের সমস্ত হুক্কা বার বন্ধ করার সিদ্ধান্ত নিল পুরসভা। প্রাথমিক ভাবে পুরসভার তরফে জানানো হয়েছে, শহরের যে সমস্ত রেস্তরাঁ বা হোটেলগুলিকে হুক্কা বার চালানোর অনুমতি দেওয়া হয়েছিল, তাদেরকে নতুন করে আর এ বিষয়ে অনুমতি দেওয়া হবে না।
শুক্রবার মেয়র ফিরহাদ হাকিম সংবাদমাধ্যমকে জানান, শহরের সব রেস্তরাঁ কর্তৃপক্ষকেই হুক্কা বার বন্ধ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। অনুরোধে কাজ না হলে, কিংবা গোপনে হুক্কা বার চালানো হলে পুলিশ উপযুক্ত পদক্ষেপ করবে বলে জানিয়েছেন তিনি। নিয়ম অমান্য করলে রেস্তরাঁগুলির লাইসেন্স নবীকরণ করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন মেয়র। অবৈধ হুক্কা বার বন্ধে অভিযান চালানোর জন্য কলকাতা পুলিশের সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে পুর-আধিকারিকদের।

পুরসভা সূত্রের খবর, এ বিষয়ে বেশি দেরি করতে চাইছেন না পুর কর্তৃপক্ষ। এমন কঠোর সিদ্ধান্তের ব্যাখ্যায় মেয়র জানান, হুক্কা বারগুলিতে হুক্কার সঙ্গে এমন কিছু রাসায়নিক দেওয়া হচ্ছে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই ভবিষ্যতে শহরকে হুক্কা বার মু্ক্ত করতে চাইছে পুরসভা। হুক্কা বার খোলার জন্য নতুন করে লাইসেন্স দেওয়া হবে না বলেও স্থির হয়েছে পুরসভার বৈঠকে।

