দুয়ারে সরকার কর্মসূচি ৩১শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হল, জারি হল নবান্নের নির্দেশিকা
বাংলার জনরব ডেস্ক : আবার মেয়াদ বাড়ানো হলো দুয়ারে সরকার পরিষেবার। কয়েক দিন আগেই রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী ৫ ডিসেম্বর পর্যন্ত দুয়ারে সরকার পরিবেষার মেয়াদ বাড়ানোর কথা জানিয়েছিলেন। তবে শুক্রবার নবান্নর তরফে বিজ্ঞপ্তি জারি করে বলে দেওয়া হল, গোটা ডিসেম্বর মাসেই এই পরিষেবা পাবে রাজ্যবাসী। অর্থাৎ নানা সরকারি পরিষেবা অনায়াসে পৌঁছে যাবে সাধারণ মানুষের দোরগোড়ায়।
এদিন নবান্নর (Nabanna) তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে চলবে এই পরিষেবা। আসলে আগামী বছর ফেব্রুয়ারিতেই হয়তো পঞ্চায়েত ভোট। তার আগে সরকারি পরিষেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ নিয়েছে প্রশাসন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে জানানো হয়েছিল দুয়ারে সরকার (Duare Sarkar) এবং পাড়ায় সমাধানের পঞ্চম দফার কর্মসূচি পয়লা থেকে ৩০ নভেম্বর পর্যন্ত হওয়ার কথা ছিল। তবে ৩০ নভেম্বর নতুন করে জানানো হয়, ৫ ডিসেম্বর পর্যন্ত মিলবে পরিষেবা। সমস্ত জেলাকে মুখ্যসচিব নির্দেশ দিয়েছিলেন, মোবাইল ভ্যানের মাধ্যমে যে পরিষেবা দেওয়া হয়, তা যেন আরও সক্রিয় করা হয়। এবার সেই মেয়াদ আরও বাড়িয়ে দেওয়া হল।
দুয়ারে সরকারের চতুর্থ দফা পর্যন্ত পঁচিশরকম পরিষেবা বা প্রকল্প অন্তর্ভুক্ত ছিল। পঞ্চম দফায় আরও কয়েকটি পরিষেবা যুক্ত করা হয়েছে। জমির পাট্টার জন্য আবেদন করা যাবে দুয়ারে সরকারের ক্যাম্পে। এমনকী বিদ্যুৎ বিল মেটানোর ব্যবস্থাও থাকছে। সম্প্রতি আবার এই ক্যাম্প থেকেই ডেঙ্গু নিয়ে সচেতনতার বার্তা প্রচারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

