প্রয়াত প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়
বাংলার জনরব ডেস্ক : আজ মঙ্গলবার সকালে মারা গেলেন প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়। বয়স হয়েছিল ৬৭ বছর। মল্লিকবাজারের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সিপিএম সূত্রে খবর, বিকেলের দিকে মানবের দেহ দলীয় কার্যালয় আলিমুদ্দিনে নিয়ে আসা হবে। সেখানে বাম নেতাকে শ্রদ্ধা জানাবেন দলীয় নেতা, কর্মীরা।
মানবের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল দু’বার। প্রথম বার হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন। তবে স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। সম্প্রতি ফের মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয় প্রাক্তন মন্ত্রীর। তার পরেই ভর্তি করানো হয় হাসপাতালে।
এর আগে গত অগস্ট মাসে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও সিপিএম নেতা মানবের শারীরিক অবস্থা সঙ্কটজনক হয়েছিল। তখন তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সে সময় ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। কয়েক বছর আগে এক বার সেরিব্রাল অ্যাটাক হয়েছিল মানবের। ইদানীং অবশ্য কলকাতায় দলের কর্মসূচিতে দেখা যেত তাঁকে।
সুবক্তা হিসাবে দলে পরিচিত ছিলেন মানব। ১৯৯১ সালে বেলেঘাটা বিধানসভা কেন্দ্র থেকে প্রথম বার টিকিট পেয়েছিলেন। সে বারই বিধায়ক হয়েছিলেন তিনি। ২০১১ সাল পর্যন্ত বেলেঘাটার বিধায়ক ছিলেন তিনি। ওই বছর বিধানসভা নির্বাচনে তাঁকে আর টিকিট দেয়নি দল। বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভায় দু’বার মন্ত্রী হয়েছিলেন তিনি। প্রথম বার তথ্যপ্রযুক্তি মন্ত্রী হয়েছিলেন। পরে পর্যটন মন্ত্রী হয়েছিলেন।

