সাইবার প্রতারণার শিকার হয়ে এক লক্ষ পঁচিশ হাজার টাকা খোয়ালেন হাওড়ার অবসরপ্রাপ্ত রেল কর্মী!
বাংলার জনরব ডেস্ক : সাইবার প্রতারণার শিকার হলেন হাওড়া শহরের এক বাসিন্দা তিনি অবসরপ্রাপ্ত রেল কর্মী। প্রতারণার শিকার হয়ে তিনি তার দুটি অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা খুইয়েছেন।ঘটনাটি ঘটেছে ব্যাঁটরা থানার অন্তর্গত কদমতলা সারদা চট্টোপাধ্যায় লেনে। সাইবার ক্রাইম (Cyber Crime Department) বিভাগে ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে।
জানা গিয়েছে, পূর্ব রেলের অবসরপ্রাপ্ত সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার রামগোপাল সরকারের স্ত্রী পূর্ব রেলের হাওড়া ডিভিশনের অবসরপ্রাপ্ত কর্মী। গত ২৫ তারিখ দুপুরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মী পরিচয় দিয়ে এক ব্যক্তি মিনতি সরকারকে ফোন করে বলেন, তার স্টেট ব্যাংকের এটিএম কার্ডটি চলতি মাসেই মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে। তাই নতুন এটিএম কার্ড পেতে গেলে তাদের বেশ কিছু তথ্য জানাতে হবে । তাঁকে একই সঙ্গে জানানো হয়, তাঁর আরেকটি একাউন্টের এটিএম কার্ড আগামী বছর মেয়াদ শেষ হয়ে যাবে। সেটিরও একইসঙ্গে নতুন করে কার্ড দেওয়া হবে। এরপর মিনতি দেবী তার নিজের এটিএম কার্ডের তথ্য ওই ব্যক্তিকে দিলে তার ফোনে একটি ওটিপি আসে। তারপরেই এক এক করে এসএমএস আসতে থাকে। তার একাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার। মুহূর্তের মধ্যে তার সেভিংস এবং পেনশন দুটি অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় এক লক্ষ ২৫ হাজার টাকা। সঙ্গে সঙ্গে তারা ছুটে যান স্থানীয় এসবিআই শাখায়। দুটি অ্যাকাউন্ট সাময়িক বন্ধ করার সঙ্গে সঙ্গে অভিযোগ জানান, স্থানীয় ব্যাঁটরা থানায় ও হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম বিভাগে।

