দেশ 

নিশানা হওয়ার ভয়ের কারণেই জামিন খারিজ করে দেন নিম্ন আদালতের বিচারকরা মন্তব্য প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বিচারকরা প্রায়ই জামিন খারিজ করে দেন তার কারণ হচ্ছে নিশানা হয়ে যাওয়ার ভয় তাদের মধ্যে থাকে। গতকাল শনিবার বার কাউন্সিল অফ ইন্ডিয়ার এক সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই মন্তব্য করেছেন।

প্রসঙ্গত, প্রধান বিচারপতি হিসাবে দায়ভার নেওয়ার পর থেকে যতগুলো অনুষ্ঠানে তিনি বক্তৃতা করেছেন, তার প্রতিটিতেই উঠে এসেছে জেলাস্তরের বিচারালয়গুলির সমস্যা, অসুবিধার কথা। বার বার বলেছেন, কতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কাজ করতে হয় জেলাস্তরের আদালতগুলির বিচারকদের। শনিবার ফের সেই কথারই প্রতিধ্বনি দেশের প্রধান বিচারপতির গলায়।

বার কাউন্সিলের অনুষ্ঠানে প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, ‘‘উচ্চ আদালতগুলি জামিনের আবেদনে ভরে উঠেছে। একেবারে তৃণমূলস্তরের বিচারকরা জামিন মঞ্জুর করতে সামগ্রিক ভাবে অনিচ্ছুক থাকেন। কিন্তু কেন? এর কারণ এটা নয় যে, তাঁরা অপরাধের প্রকৃতি বুঝতে অপারগ, আসলে জঘন্য অপরাধের ক্ষেত্রে জামিন দিলে নিশানা হয়ে যেতে পারেন, এই ভয় তাঁরা পান।’’ একই অনুষ্ঠানে হাজির ছিলেন দেশের আইনমন্ত্রী কিরেন রিজিজুও।

প্রধান বিচারপতি ইউইউ ললিতের অবসর গ্রহণের পর গত ৯ নভেম্বর দেশের ৫০তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নেন ডিওয়াই চন্দ্রচূড়। ২০২৪-এর ১০ নভেম্বর পর্যন্ত তিনি এই পদে থাকবেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ