কলকাতা 

আজ সারা পৃথিবী জুড়ে পালিত হল কিষাণ বিজয় দিবস বা ফতেহ দিবস

শেয়ার করুন

কলকাতা, ১৯ নভেম্বর ২০২২: টানা ৩৮৩ দিন সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্বে আন্দোলন চালিয়ে ভারতের কৃষকেরা গত বছর অর্থাৎ ২০২১ সালের ১৯ নভেম্বর মোদি সরকারকে ৩টি কালা কৃষি আইন রদ করতে বাধ্য করেছিল। সেই বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে শনিবার গোটা দুনিয়াব্যাপী পালিত হল কৃষকদের বিজয় দিবস বা ফতেহ দিবস।

উল্লেখ্য, ভারতের কৃষক ও ক্ষেতমজুরদের লাগাতার বিক্ষোভের মুখে গত বছর অর্থাৎ ২০২১ সালের ৯ ডিসেম্বর ২০২১ মোদি সরকার লিখিত আশ্বাস দেয়, সংযুক্ত কিষাণ মোর্চার প্রতিনিধিত্বে এমএসপি আইন প্রণয়নের জন্যে একটি কমিটি গঠন করা হবে। এমএসপির আইন তৈরির পাশাপাশি কৃষকদের অন্যান্য দাবিগুলিও পূরণ করার আশ্বাস দিয়েছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। সেই আশ্বাসের ভিত্তিতেই দিল্লি সীমান্তে তাঁদের ঐতিহাসিক সংগ্রাম স্থগিত রেখে, কৃষকেরা গত বছর ১১ ডিসেম্বর তাঁদের বাড়ি ফিরে গিয়েছেন।

ঐতিহাসিক এই কৃষক আন্দোলনে শাহাদত বরণ করে শহিদ হয়েছিলেন ৭৩৪ জন সংগ্রামী কৃষক। তাঁদের রক্তে লাল হয়েছিল কৃষিনিবিড় ভারতের মাটি। কৃষকদের এই সংগ্রাম স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় এবং দীর্ঘতম গণ-বিক্ষোভ।

এই পটভূমিতে সংযুক্ত কিষাণ মোর্চা আজ ১৯ নভেম্বর ২০২২ নরেন্দ্র মোদি কর্তৃক ৩টি কালো কৃষি আইন প্রত্যাহারের ঘোষণার প্রথম বার্ষিকী বিজয় দিবস বা ফতেহ দিবস হিসাবে পালন করেছে। এদিন গোটা দুনিয়ার বিভিন্ন রাষ্ট্রে এবং আমাদের দেশে কিষাণ বিজয় দিবস পালিত হয়। দেশের পাশাপাশি এ রাজ্যের প্রতিটি গ্রামে ও শহরে কৃষকরা/সমর্থকরা প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে বিজয় উৎসব করেন, বিতরণ করা হয় মিষ্টান্ন। সংযুক্ত কিষাণ মোর্চা পশ্চিমবঙ্গ শাখার বিভিন্ন শরিক সংগঠন এ রাজ্যের জেলায় জেলায় এদিন বিজয় দিবস পালন করেছে।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ