সারের এমআরপি নির্দিষ্ট করা ও ট্যাগিং বন্ধ করার ক্ষেত্রে জয় কিষাণ আন্দোলনের ফের সাফল্য
হুগলি, ১৮ নভেম্বর ২০২২: আবারও দাবি আদায়ে সাফল্য জয় কিষাণ আন্দোলনের হুগলি জেলা কমিটির। সার ও বীজের দাম নির্দিষ্টকরণ, সারের ক্ষেত্রে ট্যাগিং বন্ধ করা-সহ একগুচ্ছ দাবিতে সাম্প্রতিককালে হুগলি জেলায় ব্যাপক কৃষক আন্দোলন চালিয়ে যাচ্ছে কৃষক আন্দোলন। এর মধ্যে কয়েকটি দাবির ক্ষেত্রে সাফল্যও মিলেছে। শুক্রবার দাবি আদায়ের ক্ষেত্রে ‘জয় কিষাণ আন্দোলন’-এর বিক্ষোভের ফলে আরও একধাপ সাফল্য পেলেন হুগলি জেলার পোলবা দাদপুর ব্লকের কৃষকেরা।
সংগঠনের হুগলি জেলা সভাপতি সুশান্ত কাঁড়ি জানিয়েছেন, পোলবা দাদপুর ব্লকের পাটনা সমবায় সমবায় সমিতি সারের ক্ষেত্রে এমআরপি চালু করা ও ট্যাগিং বন্ধ করার দাবি মেনে নিয়েছে। সুশান্ত কাঁড়ি আরো জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে এই সমবায় সমিতির সামনে জয় কিষাণ আন্দোলনের ব্লক সভাপতির নেতৃত্বে অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন কৃষকরা। সেই আন্দোলনের জেরেই সারের এমআরপি চালু করা ও ট্যাগিং বন্ধ করার দাবি মেনে নিয়েছেন পাটনা সমবায় সমিতি কর্তৃপক্ষ।

