Gujarat Assembly Election 2022 : গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপির আগে ৪৩ জন প্রার্থীর নাম ঘোষণা করলো কংগ্রেস, প্রার্থী তালিকায় চমক, কী সেই চমক? জানতে হলে ক্লিক করুন
বাংলার জনরব ডেস্ক : বিজেপি ২৭ বছর একটানা ক্ষমতায় থাকার পরেও এখনও গুজরাট বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করতে পারলো না,তবে কংগ্রেস গত কালই প্রথম দফার নির্বাচনের জন্য ৪৩ জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছে।তালিকায় রয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের নেতা প্রবীণ তোগাড়িয়ায় তুতো ভাই প্রফুল তোগাড়িয়া এবং রাজ্যসভা সাংসদ অমি অজনিক।
সুরত পুরসভার প্রাক্তন বিরোধী দলনেতা প্রফুল লড়বেন ওই এলাকার ভরাচা রোড আসনে। আমদাবাদের ঘাটলোদিয়া কেন্দ্রে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের বিরুদ্ধে লড়বেন অমি। পোরবন্দরে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অর্জুন মোদবাডিয়া এবং ভাবনগরের মহুবায় প্রাক্তন বিজেপি বিধায়ক কানু কালসারিয়াকে প্রার্থী করা হয়েছে। ৪৩ জনের তালিকায় নতুন মুখ ৩২।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘কট্টর বিরোধী’ হিসাবে পরিচিত বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর প্রাক্তন আন্তর্জাতিক কার্যকরী সভাপতি প্রবীণ তোগাড়িয়া। বছর কয়েক আগে সরাসরি মোদীর বিরুদ্ধে তাঁকে খুনের চক্রান্তের অভিযোগও তুলেছিলেন। ঘটনাচক্রে, গুজরাটের পাশাপাশি রাজস্থানে ক্ষমতায় থাকাকালীন বিজেপি সরকার একাধিক ফৌজদারি মামলা দায়ের করে তোগাড়িয়ার বিরুদ্ধে।
রাজ্যের ১৮২টি আসনের মধ্যে ৮৯টিতে ভোটগ্রহণ হবে ১ ডিসেম্বর। বাকি ৯৩টিতে ৫ ডিসেম্বর। গণনা হবে ৮ ডিসেম্বর।

