কলকাতা 

স্যান্ডফোর্ড অ্যাকাডেমির উদ্যোগ : শিক্ষা আনন্দময়-আকর্ষণীয় করে তুলতে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে বিশেষ কর্মশালা

শেয়ার করুন

নায়ীমুল হকের প্রতিবেদন: বিজ্ঞানের বিষয়বস্তু সম্পর্কে সুস্পষ্ট ধারণা তৈরি করতে হাতে কলমে দৈনন্দিন সামগ্রীর মাধ্যমে বোঝার কোনো তুলনা নেই। এতে পাঠ্য বিষয় যেমন আকর্ষনীয় হয়ে ওঠে, তেমনই সহজ ভাবে তা বুঝতেও পারে ছাত্র-ছাত্রীরা এবং ক্রমশ পৌঁছে যাওয়া যায় বিষয়ের গভীরে। কথাগুলি বলছিলেন হাতে-কলমে বিজ্ঞানকে জনপ্রিয় করার মূলে যিনি দীর্ঘ বছর ধরে কাজ করে চলেছেন, সেই বিজ্ঞানী সমর বাগচী। যদিও তিনি নিজেকে বিজ্ঞানী বলতে চান না বরং তিনি অনেক বেশি স্বাচ্ছন্দ্য নিজেকে বিজ্ঞান কর্মী বলতে। বিড়লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিক্যাল মিউজিয়ামের প্রাক্তন অধিকর্তা তিনি, গড়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে বেশ কিছু বিদ্যালয় ও বিজ্ঞান ভিত্তিক প্রতিষ্ঠান, অংশ নিয়েছেন হাজারের ওপর বিজ্ঞান কর্মশালায়, বর্তমানে অবশ্য তিনি সামাজিক আন্দোলনে আত্মনিয়োগ করেছেন।

তাঁর এবং পদার্থবিদ্যার খ্যাতিমান অধ্যাপক ড.বি এন দাস-এর তত্ত্বাবধানে আগামী রবিবার ছয় নভেম্বর প্রান্তিক অঞ্চলের ছাত্র-ছাত্রীদের নিয়ে কলকাতার নিউটাউনে অনুষ্ঠিত হতে চলেছে এরকমই এক হাতে কলমে বিজ্ঞান কর্মশালার আয়োজন। নাম দেয়া হয়েছে Let’s Enjoy Science. ছাত্র-ছাত্রীদের সঙ্গে বিভিন্ন বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের শিক্ষক-শিক্ষিকাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে এই কর্মশালায়। তাঁদের জন্য টিচার্স ওরিয়েন্টেশন প্রোগ্রামের কর্মসূচি। ডাক্তারিতে ভর্তির নিট পরীক্ষা প্রস্তুতির অন্যতম সেরা প্রতিষ্ঠান স্যান্ডফোর্ড অ্যাকাডেমির উদ্যোগে এই যৌথ আয়োজন। স্যান্ডফোর্ড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শেখ জসিম উদ্দিন মন্ডল জানালেন মূলত শিক্ষার মান উন্নয়নে তাদের এই কর্মসূচি। ছাত্র-ছাত্রীদের পাশে থাকতে এবং শিক্ষক-শিক্ষিকাদের উন্নত মানের প্রশিক্ষক হিসেবে গড়ে তুলতে তাদের সারা বছর ধরে রাজ্যের নানা প্রান্তে চলে এ’ ধরনের আয়োজন।

তিনি জানালেন আমাদের এই উদ্যোগে দারুনভাবে সাড়া পড়ে গিয়েছে ছাত্র-ছাত্রী মহলে। ২০ থেকে ২৫ টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকা অংশ নেবেন এই হাতে কলমে বিজ্ঞান কর্মশালাএবং টিচার্স ওরিয়েন্টেশন প্রোগ্রামে। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেনই পাঁচটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকাও।

এই কর্মশালার শুভ সূচনা করবেন বিশিষ্ট শিক্ষা আধিকারিক এবং সুলেখক মেচবাহার শেখ এবং পৌরোহিত্য করবেন প্রাক্তন আইএএস বর্তমানে জিডি স্টাডি সার্কেলের চেয়ারম্যান শেখ নুরুল হক।

স্যান্ডফোর্ড ফাউন্ডেশনের এই সুদূরপ্রসারী পরিকল্পনাকে বাস্তবায়িত করতে নানা রকম ভাবে চিন্তাভাবনা করে চলেছেন বিশিষ্ট শিক্ষক গৌরাঙ্গ সরখেল,পান্থ মল্লিক, শেখ নাসিম উদ্দিন মন্ডল, সাবির হোসেন, সুস্মিতা সন্ন্যাসী প্রমুখ।

অভিভাবকেরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন আগামী রবিবারের দিকে তাকিয়ে,কেমন হয় সন্তানদের জন্য এই কর্মশালা। অল্প খরচে নিজেদের বিদ্যালয়ে হাতে-কলমে করে দেখানোর জন্য ল্যাবরেটরি বানানো এবং ছাত্র-ছাত্রীদের পড়াশোনা আরও আনন্দময় কীভাবে হতে পারে তা স্বচক্ষে দেখতে দিনটির দিকে তাকিয়ে আছেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ