দলিত যুবককে চুরির অভিযোগে মারধোর এবং মাথা মুড়িয়ে মুখে কালি লেপে দেওয়ার অভিযোগ উঠল যোগী রাজ্যের এক বিজেপি নেতার বিরুদ্ধে
বাংলার জনরব ডেস্ক : আরএসএস প্রধান মোহন ভাগবত যতই বলুক না কেন দলিতরাও হিন্দু কিন্ত উচ্চবর্ণের হিন্দুরা তা মানতে চায় না । তাই উত্তরপ্রদেশে ধারাবাহিকভাবেই দলিতরা উচ্চবর্ণের হাতে আক্রান্ত হয়ে চলেছে । সম্প্রতি এক বিজেপি নেতা চুরির অভিযোগে দলিত যুবককে মারধোর করেছে বলে অভিযোগ উঠেছে । যুবককে লাইট পোস্টে বেঁধে মারধর করা হয়। তাঁর মাথা মুড়িয়ে মুখে কালি লেপে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার ভিডিও ভাইরাল হতে নড়েচড়ে বসে প্রশাসন। তদন্তে নেমে বিজেপি নেতার দুই সঙ্গীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিন জনের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে। পলাতক বিজেপি নেতার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাহরাইচ জেলার। হরদি এলাকার বিজেপি নেতা রাধেশ্যাম মিশ্র ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে দলিত সম্প্রদায়ের রাজেশ কুমারের উপর নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। রাধেশ্যাম দাবি করেন, হরদির একটি বাড়ি থেকে বছর তিরিশের অজয় শৌচালয় থেকে ‘টয়লেট সিট’ চুরি করেছে। এই অভিযোগে লাইট পোস্টে বেঁধে মারধর করা হয় অজয়কে। এরপর যুবকের মাথা কামিয়ে মুখে কালি লেপে দেওয়া হয়।এই ঘটনার ভিডিও ভাইরাল (Viral Video) হয় সোশ্যাল মিডিয়ায় (Social Media)। ভিডিওতে দেখা গিয়েছে, যুবকের মাথা কামিয়ে দেওয়া হচ্ছে। সেইসঙ্গে চলছে মারধর। বিজেপি নেতা রাধেশ্যাম মিশ্র ও তাঁর সঙ্গীরা যখন এই কাজ করছে তখন ঘটনার মজা নিচ্ছে উপস্থিত ভিড়। দলিত যুবক পুলিশের কাছে অভিযোগ করেছেন, বিজেপি নেতা ও অন্যরা তাঁর জাত তুলে গালমন্দ করেন।

স্থানীয় থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বিজেপি নেতার সঙ্গী দুই অভিযুক্তকে। তবে নেতা রাধেশ্যাম বাড়ি ছেড়ে পালিয়েছেন। তাকে ধরতে তল্লাশি চালানো হচ্ছে। এক পুলিশকর্তা বলেন, দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

