কলকাতা 

‘অগণতান্ত্রিক এবং অনৈতিক কাজের তীব্র প্রতিবাদ জানাই’ করুণাময়ীতে আন্দোলনরত টেট উত্তীর্ণদের পুলিশ জোর করে তুলে দেওয়ার পর প্রতিবাদে সরব অপর্ণা সেন সহ বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বৃহষ্পতিবার রাতে যেভাবে আন্দোলনরত টেট উত্তীর্ণদের পুলিশ জোর করে তুলে দিয়েছে তার তীব্র সমালোচনা করেছেন অভিনেত্রী অপর্ণা সেন। শুক্রবার সকালে অপর্ণা টুইট করেন, ‘তৃণমূল সরকার অনশনকারীদের গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন করছে। অহিংস আন্দোলনে ১৪৪ ধারা জারি হল কেন? পশ্চিমবঙ্গ সরকারের এই অগণতান্ত্রিক এবং অনৈতিক কাজের তীব্র প্রতিবাদ জানাই।’

অভিনেতা ঋদ্ধি সেনও স্বতঃপ্রণোদিত হয়েই ফেসবুকে লেখেন, ‘ধিক্কার মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশকে এক শান্তিপূর্ণ, যোগ্য আন্দোলনের গায়ে এমন বীভৎস আঘাত করার জন্য। এই জঘন্য কাজের মাশুল গুনতে হবে রাষ্ট্রকে।’

Advertisement

এদিকে,তৃণমূলের বিধায়ক ও অভিনেতা সোহম চক্রবর্তী বলেন, ‘‘কী ঘটেছে জানি। সম্পূর্ণ বিষয়টাই বিচারাধীন। তাই এটা নিয়ে আলাদা করে কিছু বলাটা আমার উচিত হবে না। তবে শুধু একটাই কথা বলব— আন্দোলনকারীদের কিন্তু বারংবার অনুরোধ করা হয়েছিল আন্দোলন তুলে নেওয়ার জন্য। তার পর কার কী কী দাবি ন্যায্য, তা নিয়ে মুখোমুখি বসে আলোচনা করা যেত। কিন্তু ওঁরা মানলেন না। আন্দোলন করে কোথাও তো একটা সিভিল রাইটস ব্যাহত হচ্ছে। হয়তো মুখোমুখি বসলে সমস্যার সমাধান হতেই পারত।’’

উল্টোদিকে, বিজেপির খড়্গপুর সদর কেন্দ্রের বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় এ বিষয়ে বলেন, ‘‘অত্যন্ত নিন্দনীয় ঘটনা। পরাধীন ভারতে ব্রিটিশরা যেভাবে শান্তি মিছিলের উপর আক্রমণ করত, বৃহস্পতিবার রাতের ঘটনাটা ঠিক যেন সে রকমই।’’

হিরণ আরও বলেন,‘‘পরীক্ষায় পাশ করে একদল ছেলেমেয়ে চাকরি পাচ্ছেন না। ওদিকে তাঁদের চাকরি বিক্রি করে মাননীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে! ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি দেখে আমি তৃণমূলে যোগ দিয়েছিলাম। পরে সেটা কোথাও আমূল বদলে যাওয়ার জন্যই আমি বিজেপিতে যোগ দিই। আমি কিন্তু কোনও ইডি বা সিবিআই-এর ভয়ে বিজেপিতে আসিনি!’’

 

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ