সৌদি আরবের মক্কায় মক্কেশ্বর মহাদেবের মন্দির রয়েছে তা নিয়ে এখনই আলোচনা করা জরুরী দাবি তুললেন পুরীর শংকরাচার্য
বাংলার জনরব ডেস্ক : ভারতে বসে পুরীর শংকরাচার্য নিশ্চলানন্দ সরস্বতী সৌদি আরবের মক্কায় শিব মন্দির আছে বলে দাবি করলেন।গত রবিবার রাজস্থানে হিন্দু রাষ্ট্র নিয়ে আলোচনাসভায় এই দাবি তোলেন নিশ্চলানন্দ।
রবিবার রাজস্থানের একটি শহরে হিন্দু রাষ্ট্র নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয় সেখানে বক্তব্য রাখতে গিয়ে পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ বলেন, ‘‘কেবল জ্ঞানবাপী নিয়ে আলোচনা করলে হবে না। এ বার আমাদের মক্কা নিয়েও কথা বলা উচিত। সেখানে মক্কেশ্বর মহাদেবের মন্দির রয়েছে।’’ এখানেই অবশ্য থামেননি নিশ্চলানন্দ। তাঁর দাবি, ভারত নিজেকে ‘হিন্দু রাষ্ট্র’ বলে ঘোষণা করার সঙ্গে সঙ্গে বিশ্বের আরও অন্তত ১৫টি দেশ নিজেদের হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে। কোন কোন সেই দেশগুলি? পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দের দাবি— নেপাল, মরিশাস নিজেদের ‘হিন্দু রাষ্ট্র’ বলে ঘোষণায় রাজি।

সৌদি আরবের মক্কা মুসলিমদের সর্বশ্রেষ্ঠ তীর্থক্ষেত্র। প্রতি বছর লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলিম মক্কাদর্শন করেন। সেখানে মহাদেবের মন্দির আছে বলে দাবি তুলে পুরীর শঙ্করাচার্য ‘বাজার গরম’ করতে চাইছেন বলে অনেকের ধারণা। অনেকে মনে করছেন, জ্ঞানবাপী নিয়ে বিতর্কের আবহে একেবারে খোদ মক্কা নিয়ে দাবি তুলে পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ ‘খবরে’ থাকতে চাইছেন। তবে প্রাথমিক ভাবে তাঁর দাবি নিয়ে আলোচনা যে শুরু হয়েছে, তাতে কোনও সন্দেহ নেই।
তবে এই দাবি আন্তর্জাতিক মহলে ভারতের সম্মানকে অনেকটা ম্লান করে দিতে পারে। এর ফলে আন্তর্জাতিক মহলে এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে ভারত সরকার কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বিষয়ে এখুনি হস্তক্ষেপ না করলে সমস্যা আন্তর্জাতিক মহলে আরও খারাপ হতে পারে।

