শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরার অধিকার সংক্রান্ত মামলার রায় সংরক্ষিত রাখল সুপ্রিম কোর্ট
শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরার অধিকার সংক্রান্ত মামলার শুনানির শেষে রায় সংরক্ষিত রাখল সুপ্রিম কোর্ট। কর্নাটক হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে এই মামলার নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টে আবেদন করা হয়। শীর্ষ আদালতে ১০ দিন শুনানির পর বৃহস্পতিবার বিচারপতি হেমন্ত গুপ্ত ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চ এই সিদ্ধান্ত ঘোষণা করেছে।
সুপ্রিম কোর্টে ১০ দিনের শুনানি-পর্বে কর্নাটক সরকারের তরফে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা, অতিরিক্ত সলিসিটর জেনারেল কে এম নটরাজ এবং সে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল প্রভুলিং কে নাভাদগি। অন্য দিকে, আবেদনকারী মুসলিম ছাত্রীদের তরফে সলমন খুরশিদ এবং দুষ্যন্ত দাভে শুনানিত অংশ নেন।
প্রসঙ্গত, গত জানুয়ারিতে কর্নাটকের উদুপির একটি প্রি-ইউনিভার্সিটি কলেজে কয়েক জন হিজাব পরিহিত পড়ুয়াকে ক্লাসে বসতে বাধা দেওয়ার ঘটনা ঘটে। কলেজ উন্নয়ন সমিতির সভাপতি বিজেপি বিধায়ক রঘুপতি ভট্ট স্পষ্ট জানিয়ে দেন, হিজাব পরিহিতরা ক্লাসে ঢুকতে পারবেন না। সেই বিতর্ক দ্রুত ছড়িয়ে পড়ে রাজ্য জুড়ে। হিজাবের পাল্টা হিসাবে গেরুয়া উত্তরীয় পরে আন্দোলন শুরু করে একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। কয়েকটি জায়গায় হিজাবের পক্ষে-বিপক্ষে আন্দোলনকারীরা মুখোমুখি দাঁড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গেও একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে।

