জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

মুক্তধারার আলোচনাসত্রে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ভাষা

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ভাষাচর্চা সম্পর্কে দর্শকদের সম্প্রতি একটি আলোচনাসত্র উপহার দিল কৃষ্ণনগরের সাংস্কৃতিক সংস্থা মুক্তধারা। ১৮ই সেপ্টেম্বর ২০২২ (রবিবার) কৃষ্ণনগর পৌরসভার দ্বিজেন্দ্র মঞ্চে বসেছিল মুক্তধারার ৪২তম আলোচনাসত্র। মুক্তধারার পক্ষ থেকে এদিনের আলোচনাসত্রের আহ্বায়ক ছিলেন সম্পদনারায়ণ ধর, তপনকুমার ভট্টাচার্য এবং দীপাঞ্জন দে। বক্তা ড. দেবাশিস ভৌমিকের প্রাঞ্জল বক্তৃতা এবং বহু মানুষের উপস্থিতিতে মুক্তধারার সান্ধ্যকালীন আলোচনা এদিন এক মনোজ্ঞ রূপ নেয়।

কৃষ্ণনগর তো বটেই, শহরতলীর বহু মানুষ এমনকি পড়শি জেলার মানুষজনও এদিন মুক্তধারার আলোচনা শুনতে এসেছিলেন। দর্শকাসনে উপবিষ্ট ছিলেন বহু বিশিষ্টজনও। অন্যান্য বারের মতো এবারও মুক্তধারার ৪২তম আলোচনাসত্রের শুরুতে একটি উদ্বোধনী সংগীত পরিবেশিত হয়। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের লেখা “ধন্য তুমি ধন্য ভব জলধিতারন তুমি ব্রহ্ম” গানটি পরিবেশন করেন সংঘমিত্রা সরকার। বক্তব্যের বিষয়ের সাথে সাজুজ্য রেখেই গানটি নির্বাচন করা হয়েছিল। মুক্তধারার ৪২তম আলোচনাসত্রের আলোচক ছিলেন ড. দেবাশিস ভৌমিক।আর বক্তব্যের বিষয় ছিল ‘জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ভাষাচর্চা’। দ্বিজেন্দ্র মঞ্চে এদিন প্রায় দেড় ঘন্টা বক্তব্য রাখেন ড. দেবাশিস ভৌমিক। ঠাকুরবাড়ির লোকেদের বাংলা ভাষাচর্চায় বিশেষ ভূমিকার কথা তিনি পর্যায়ক্রমে বলেন। এদিনের আলোচনাসত্রের সঞ্চালনায় ছিলেন মুক্তধারার অন্যতম আহ্বায়ক সম্পদনারায়ণ ধর।

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশতবর্ষের সময় থেকেই মুক্তধারা দলটি এই ধরনের একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা সভার আয়োজন করে আসছে। ক্রমান্বয়ে পথ চলতে চলতে ২০২২ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হল তাদের ৪২তম আলোচনাসত্র। ৫০তম আলোচনাসত্র হতেও বেশি দেরি নেই। এতগুলি আলোচনাসত্র আয়োজনের পর ধীরে ধীরে গড়ে উঠেছে মুক্তধারার কিছু নিজস্ব দর্শক-শ্রোতামন্ডলী।

অন্যদিকে এই ধরনের ব্যতিক্রমী আয়োজনের নিরিখে তৈরি হচ্ছে মুক্তধারার নতুন দর্শক-শ্রোতামন্ডলীও। এভাবেই মুক্তধারা এগিয়ে চলেছে। আয়োজকদের পক্ষ থেকে সম্পদনারায়ণ ধর এবং দীপাঞ্জন দে বলেন, “মুক্তধারার আলোচনাসত্রগুলি বহু মানুষকে এক ছাদের তলায় নিয়ে এসে একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা শোনাতে সক্ষম হচ্ছে এতে আমরা খুবই আনন্দিত।”


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ