আন্তর্জাতিক কলকাতা বইমেলার প্রেস কর্নারে “বাংলার মুখ” গ্রন্থের জন্য রবীন্দ্র স্মৃতি পুরস্কার পেলেন বিশিষ্ট সাংবাদিক ও অভিনেতা নৌশাদ মল্লিক
নিজস্ব প্রতিনিধি : আন্তর্জাতিক কলকাতা বইমেলার মঞ্চ থেকে রবীন্দ্র স্মৃতি পুরস্কার পেলেন বিশিষ্ট সাংবাদিক অভিনেতা এবং খবরের স্পন্দন পত্রিকার সম্পাদক নৌশাদ মল্লিক। গতকাল ৬ মার্চ রবিবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অবস্থিত প্রেস কর্নারে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে নৌশাদ মল্লিকের হাতে রবীন্দ্র স্মৃতি পুরস্কার তুলে দেয়া হয়। তিনি বাংলার মুখ নামে গ্রন্থটি লেখার জন্য এই পুরস্কার পেয়েছেন।
এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা দেব শংকর হালদার এবং অসমের কবি রুমি লস্কর। সভায় উদ্বোধনী সংগীত পরিবেশন করেন রাজর্ষি চক্রবর্তী। এদিনের সভায় বিশিষ্ট অভিনেতা দেব শংকর হালদার বলেন, বই মানুষের জ্ঞান বৃদ্ধি করে চেতনার বিকাশ ঘটায়। তাই বই মেলায় ঘোরাঘুরি না করে ভালো বই কেনা উচিত। ভালো বই পড়লে মনের মধ্যে শান্তি আসে এবং অনেক তথ্য জানা যায়।


বাংলার মুখ গ্রন্থের লেখক নৌশাদ মল্লিক বলেন, লকডাউন এর সময় যে অবসর সময় পেয়েছি সেই সময়কে কাজে লাগিয়ে এই বই আমি লিখেছি। পশ্চিমবাংলার ২৩ টা জেলার ইতিহাস এবং তার শিক্ষা সংস্কৃতির চালচিত্রের সংক্ষিপ্ত বিবরণ এই বইটির মধ্যে তুলে ধরা হয়েছে। তিনি বলেন, এই বইটি পড়লে যেকোন মানুষ এক নজরে পশ্চিমবাংলার সংক্ষিপ্ত ইতিহাস জেনে যাবেন। এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট সাংবাদিক ও প্রাবন্ধিক সোনা বন্দ্যোপাধ্যায় বলেন, এই বইটি ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সব ধরনের পাঠকের কাছে খুবই গ্রহণযোগ্য এবং উপযোগী বই হিসাবে সংগ্রহে রাখার মত।
এদিনের সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাখাল রাজ মুখোপাধ্যায়।

