বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

স্বামী বিবেকানন্দের জন্ম দিবস উপলক্ষে গল্পকার সেখ আব্দুল মান্নানের কবিতা ‘যুগনায়ক’

শেয়ার করুন

আজ ১২ ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্মবার্ষিকী। আজকের দিনটি যুব দিবস হিসাবে দেশ জুড়ে পালিত হচ্ছে। স্বামী বিবেকানন্দ দেশের সম্পদ, দেশ নায়ক ছিলেন। হিন্দু- মুসলমানের মিলনের প্রতীক ছিলেন। তার প্রতি বাংলার জনরব বিশেষ শ্রদ্ধা নিবেদন করে আজ সকালে ইউটিউবে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা প্রকাশ করেছে। আমাদের নিউজ পোর্টালের পক্ষ থেকে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কবিতা প্রকাশ করা হলো। কবিতাটি লিখেছেন বিশিষ্ট গল্পকার সেখ আব্দুল মান্নান।

 

যুগনায়ক

Advertisement

সেখ আব্দুল মান্নান

আকাশটা কেন আজ মেঘমুক্ত ফিরোজা

ডালে ডালে শাখে শাখে পাখিরা কেন উচ্ছল

সূর্য শিখায় উদ্ভাসিত কেন পূর্ব দিগন্ত

ওহো যুগনায়ক আজ তোমার জন্মদিন!

সময় যত গড়িয়ে যাবে সময়ের অভিমুখে

প্রভাত ফেরি শঙ্খধ্বনি কুচকাওয়াজ

আর জয়ধ্বনিতে মুখর হবে চরাচর

বছরভর ঘুমিয়ে থাকা যুবারা উঠবে জেগে

ওঠো জাগো তোমারই উদাত্ত আহ্বানে।

নাভিশ্বাস উঠলেও তোমার আপাদমস্তক

ফুলে ফুলে ঢেকে দিতে কুন্ঠিত হবেনা তারা

ফুলসজ্জা মঞ্চে শিরা উপশিরা ফুলিয়ে

তোমার স্তুতিতে বিভোর হয়ে করবে

সমাজ চেতনা মানব বন্ধনের অঙ্গীকার।

ঝলমলে দিনটা গুটিয়ে গেলে গোধূলির আস্তিনে

ফুৎকারে উবে যায় প্রতিশ্রুতি শত

ঘোরকাটা মদমত্ত মাতালের মত

পালিত হোক প্রতি বছর জন্মোৎসব যত

আসছে বছর আবার হবে তোমারই বন্দনা।

মহা সম্মেলনে দেওয়া সৌভাতৃত্বের আহ্বান

ফেলে আজ চোখের জল নীরবে নিভৃতে

তোমার ভাবাদর্শের অমর্যাদা অসম্মানে

মানব সেবার নামে তোমাকে ঢাল করে

চলছে নিরন্তর অকথ্য অনাচার দিকে দিকে।

যুগনায়ক, আজ তাড়িত হোক বিশ্ব

তোমার মহামন্ত্রে

বিলুপ্ত হোক ভন্ড ধর্মের আদিমতা

পুজিত হোক মানবতা

স্খলিত হোক বর্ণের বজ্র বাঁধন।

——————————-


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ