দক্ষিণ বঙ্গের বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা
রাজ্যে এখনও দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু হয়নি। দক্ষিণবঙ্গে সে কিছুটা দুর্বল হয়েছে। কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি এখনই থামছে না। উত্তরবঙ্গে সপ্তাহ জুড়েই রয়েছে ঝড়বৃষ্টির সতর্কতা। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।
কড়া রোদের মাঝে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মাঝেমধ্যেই নামছে এক পশলা বৃষ্টি। তার পরে বাড়ছে ভ্যাপসা গরম। আলিপুর আবহাওয়া দফতর বলছে, চলতি সপ্তাহে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে গোটা দক্ষিণবঙ্গেই। সঙ্গে বজ্রপাতও হতে পারে। তবে জেলার সর্বত্র হবে না। মঙ্গলবার বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় রয়েছে হলুদ সতর্কতা। সেখানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় রয়েছে হলুদ সতর্কতা। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় রয়েছে ঝড়বৃষ্টির সতর্কতা। তার পরে বিক্ষিপ্ত ভাবে জেলাগুলির দু’-এক জায়গায় হালকা বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত।
সোমবার আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির আর পূর্বাভাস নেই। তবে ওই দিন দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে হলুদ সতর্কতা রয়েছে। সেখানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধ এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের আট জেলাতেই রয়েছে সেই সতর্কতা। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে রয়েছে সতর্কতা। তার পরে আপাতত উত্তরবঙ্গে আর ঝড়বৃষ্টির সতর্কতা নেই।
আলিপুর আবহাওয়া দফতর সোমবার বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে মধ্য মহারাষ্ট্র পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। আর একটি রয়েছে উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত। তৃতীয় অক্ষরেখা বিস্তৃত রয়েছে উত্তর-পূর্ব বিহার থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। বিহার এবং সংলগ্ন অঞ্চলে একটি এবং সিকিম ও সংলগ্ন অঞ্চলের উপরে দ্বিতীয় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার প্রভাবেই চলতি সপ্তাহে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যে। এমনিতে সরকারি ভাবে ১০ অক্টোবর দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নেয়। হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে দুর্বল হয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু।

