বাদ ৮ সাংসদ! উত্তরপ্রদেশ রাজ্যসভা ভোটে বিজেপি-কোপে এপস্টিন ফাইলে নাম থাকা সেই হরদীপও!
এপস্টিন ফাইলে নাম থাকায় ন’মাস আগে নরেন্দ্র মোদী সরকারের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরীর পদত্যাগ চেয়ে সরব হয়েছিল কংগ্রেস-সহ বিরোধী শিবির। এ বার হরদীপের নিজের দল বিজেপি তাঁকে আসন্ন রাজ্যসভা ভোটে মনোনয়ন দিল না। উত্তরপ্রদেশে আগামী ১৬ অক্টোবরের রাজ্যসভা নির্বাচনের জন্য পদ্মশিবির যে আট প্রার্থীর নাম ঘোষণা করেছে, তাঁদের মধ্যে হরদীপ নেই। নেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বানোয়ারিলাল বর্মার নামও। ফলে কেন্দ্রীয় মন্ত্রীপদ থেকে তাঁদের বিদায় আসন্ন বলে মনে করা হচ্ছে।
তাৎপর্যপূর্ণ ভাবে উত্তরপ্রদেশে রাজ্যসভা ভোটে ২০২০ সালে জয়ী হরদীপ, বানোয়ারিলাল-সহ আট জন সাংসদকেই ছেঁটে ফেলেছে বিজেপি। এঁদের মধ্যে আর দুই উল্লেখযোগ্য নাম প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের পুত্র নীরজ শেখর এবং রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি ব্রিজ লাল। এ বার উত্তরপ্রদেশে ১০টি রাজ্যসভা আসনে ভোট হচ্ছে। পরিষদীয় পাটিগণিতের হিসাবে বিজেপির সরাসরি ৭টি এবং প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি (এসপি)-র সরাসরি ২টিতে জেতার সম্ভাবনা। সমাজবাদী পার্টি এখনও পর্যন্ত দু’টি আসনে প্রার্থী করেছে প্রবীণ নেতা রামগোপাল যাদব এবং শিল্পপতি ধনরাজ পরিমল নাথওয়ানিকে। অন্য দিকে, অষ্টম আসনটিতে সরাসরি জেতার জন্য প্রয়োজনীয় বিধায়ক না থাকা সত্ত্বেও বিজেপি আট জন প্রার্থী দিয়েছে। তালিকায় রয়েছেন, ধরমপাল সিংহ, রাধাকান্ত ওঝা, প্রকাশ পাল, বিদ্যাসাগর সোনকর, গোপীকৃষ্ণ পাণ্ডে, প্রিয়াঙ্কা সিংহ রাওয়ত, রামপ্রতাপ সিংহ চৌহান এবং শ্রুতি গাঙ্গওয়ার। সমাজবাদী পার্টি জানিয়েছে, তারা তৃতীয় প্রার্থী ঘোষণার বিষয়ে আলোচনা করছে। সে ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা অনিবার্য হয়ে পড়বে।
বিজেপি প্রার্থীদের মধ্যে ধর্মপাল উত্তরপ্রদেশের পশুপালন মন্ত্রী। ফলে আগামী ফেব্রুয়ারির বিধানসভা ভোটে তাঁকে আর প্রার্থী করা হবে না বলেই মনে করা হচ্ছে।

