দেশ 

আসুন সত্যের পক্ষে থাকি দেশবাসীকে এই আহ্বান জানিয়ে সত্যাগ্রহ ওয়েবসাইট চালু করলেন রাহুল গান্ধী!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : শনিবার রাহুল গান্ধীর নেতৃত্বে চালু হলো সত্যাগ্রহ নামের একটি ওয়েবসাইট।  দেশের বিভিন্ন প্রান্তে চলতে থাকা বিভিন্ন দল ও সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ আন্দোলনের খবরা খবর এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তিনি জানিয়েছেন, এই ওয়েবসাইটের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন দাবিতে নানা সংগঠন ও সাধারণ মানুষের আন্দোলনের খবর থাকবে। সেই সঙ্গে কোনও ব্যক্তি বা সংগঠন যদি কোনও আন্দোলনের তথ্য দিতে বা আন্দোলনে সাহায্য চাইতে চান, সে ব্যবস্থাও রয়েছে নতুন ওয়েবসাইটে।

ওয়েবসাইট উদ্বোধনের ভিডিয়ো-বার্তায় রাহুল বলেন, ‘‘দেশের বিভিন্ন প্রান্তে মানুষ নিজের অধিকারের জন্য এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন। কেউ ছাত্রছাত্রীদের কথা বলছেন, কেউ মহিলাদের কথা বলছেন, কেউ মূল্যবৃদ্ধির প্রতিবাদ করছেন। আমি বিরোধী দলনেতা হিসেবে চেয়েছি, আন্দোলন সংক্রান্ত সব তথ্য এক জায়গায় সংকলিত রাখতে। সে কারণেই সত্যাগ্রহ ওয়েবসাইট খুলেছি আপনাদের জন্য।’’

রাহুলের মতে ছাত্র, তরুণ প্রজন্ম, কৃষক, আদিবাসী, দলিত ও নারীদের প্রতিবাদের আলাদা আলাদা প্রেক্ষিত রয়েছে। কিন্তু একা লড়াই করলে সেই আওয়াজ অনেক সময় ধামাচাপা পড়ে যায়। তাই সমস্ত প্রতিবাদী কণ্ঠস্বরকে একটি মানচিত্রে (ডিজিটাল ম্যাপ) একত্রিত করতেই ‘সত্যাগ্রহ’ উদ্যোগ। তাঁর কথায়, ‘‘যেখানে সত্যকে পিষে ফেলা হচ্ছে সেখানে মানুষকে প্রতিরোধ করতে সাহায্য করা বিরোধী দলনেতা হিসেবে আমার কাছে গুরুত্বপূর্ণ।’’

বেআইনি এবং স্বেচ্ছাচারী কার্যকলাপে অভিযুক্ত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে ক্রমশ দেশ জুড়ে পড়ুয়া, নাগরিক সমাজ এবং রাজনৈতিক দলগুলির আন্দোলন দানা বাঁধছে। এই আবহে রাহুলের ঘোষণা, ‘‘যে আন্দোলনই হোক, ছোট বা বড় আন্দোলন, আপনাদের নাম ও সংগঠনের নাম লিখে জমা দিন। কী নিয়ে আন্দোলন করছেন জানান। আমরা যদি আপনাদের সাহায্য করতে পারি, যদি আপনারা আমাদের সাহায্য চান, লিখুন। আপনাদের সাহায্য করতে পারলে আমরা খুশি হব।’’ মহাত্মা গাঁধীর ১৫৭তম জন্মদিনের ঠিক পরেই এই ওয়েবসাইটের উদ্বোধন প্রসঙ্গে রাহুল বলেছেন, ‘‘বাপু আমাদের শিখিয়েছিলেন যে, সত্যই আমাদের সবচেয়ে বড় অস্ত্র। কিন্তু আরও বড় অস্ত্র হল সত্যের পাশে একসঙ্গে দাঁড়ানো। আপনিও যদি কোনও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে থাকেন, আপনার গল্প শেয়ার করুন। এতে মাত্র দু’মিনিট সময় লাগবে।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ