কলকাতা 

স্বামী এবং বন্ধুদের সঙ্গে কসবার অ্যাক্রোপলিস মলে সিনেমা দেখতে গিয়ে শ্লীলতাহানির শিকার এক মহিলা,গ্রেফতার ৬

শেয়ার করুন

স্বামী এবং বন্ধুদের সঙ্গে কসবার অ্যাক্রোপলিস মলে সিনেমা দেখতে গিয়েছিলেন বাঁশদ্রোণীর এক মহিলা। পেশায় তিনি চিকিৎসক। অভিযোগ, সেখানে তিনি শ্লীলতাহানির শিকার হয়েছেন। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে ছ’জনকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। ধৃতেরা পুলিশের সঙ্গেও তর্কাতর্কি করেছেন বলে অভিযোগ।

ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায়। অভিযোগকারিনীর বয়ান অনুযায়ী, তাঁর স্বামী এবং বন্ধুদের সঙ্গে অ্যাক্রোপলিসে সিনেমা দেখতে গিয়েছিলেন। ‘সিনেপলিস’-এ সিনেমা চলাকালীন তাঁদের ওই ছয় অভিযুক্ত ক্রমাগত উত্যক্ত করতে থাকেন। নানা ধরনের অশালীন এবং যৌন ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলেন বলেন বলে অভিযোগ। প্রতিবাদ করায় অভিযুক্তেরা তাঁদের উপর চড়াও হন বলেও অভিযোগ ওই মহিলার।

পুলিশ জানিয়েছে, হল কর্তৃপক্ষ তড়িঘড়ি বিষয়টিতে হস্তক্ষেপ করেন। তাঁরাই কসবা থানায় খবর দেন। খবর পাওয়ামাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। অভিযুক্তদের সঙ্গে কথা বলতে গেলে পুলিশের সঙ্গেও তাঁরা তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। হলে উপস্থিত অন্যদের সঙ্গেও অভব্য আচরণ করেন অভিযুক্তেরা।

তার পরেই ছয় অভিযুক্তকে থানায় তুলে আনে পুলিশ। তাঁদের সঙ্গে থাকা পরিচয়পত্র থেকে অভিযুক্তদের নামধাম পুলিশ জানতে পারে। অভিযুক্তেরা হলেন আনন্দ কুমার, সুরেশ কুমার, অরবিন্দ কুমার, সৃজন দরবার, মনোজ রায় এবং অরিন্দম ঘোষ। পুলিশের দাবি, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের সময় সৃজন নিজেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বলে দাবি করেন। এমনকি, তাঁকে গ্রেফতার করলে পরিণতি খারাপ হবে, এমন হুমকিও দিয়েছেন বলে দাবি পুলিশের।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ