কলকাতা 

প্রতীক, দলের নাম হাতছাড়া হলেও দলীয় তহবিলের অধিকার মমতার জানিয়ে দিল হাইকোর্ট

শেয়ার করুন

অবিভক্ত তৃণমূলের প্রতীক, দলের নাম হাতছাড়া হলেও আপাতত দলীয় তহবিলের অধিকার মমতা তৃণমূলের কাছেই রইল। নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশকে গুরুত্ব দিল না কলকাতা হাই কোর্ট। ফলে বহাল রইল উচ্চ আদালতের পুরনো নির্দেশই।

সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ, কমিশন চূড়ান্ত কোনও সিদ্ধান্ত জানায়নি। উপনির্বাচনের জন্য তারা তৃণমূলের নাম এবং প্রতীক নিয়ে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে। তাই কমিশনের ওই অন্তর্বর্তী নির্দেশের পর তহবিল নিয়ে আপাতত আদালত আগের সিদ্ধান্ত থেকে সরছে না। আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত তহবিল থেকে টাকা খরচের অধিকার মমতা তৃণমূলের কাছেই থাকবে।

নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশ অনুযায়ী, মমতা কিংবা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবির আপাতত ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নাম এবং জোড়াফুল প্রতীক ব্যবহার করতে পারবে না। এই অবস্থায় কালীঘাট তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় সংক্রান্ত মামলাটি গ্রহণযোগ্য হওয়া উচিত নয় বলে রাজ্যের তরফে সওয়াল করা হয়। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদারের বক্তব্য, এই মামলাটি করা হয়েছে ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’-এর নামে। অথচ কমিশনের নির্দেশে এখন ওই নামে কোনও রাজনৈতিক দল নেই। ওই দলের নাম এবং প্রতীক ফ্রিজ় করা হয়েছে।

রাজ্যের এই সওয়ালের পর আদালত জানায়, কমিশন যেহেতু অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে, তাই আদালত আগের অবস্থানেই থাকবে। পাল্টা রাজ্য জানায়, এখন আদালত হস্তক্ষেপ করলে ভবিষ্যতে এর প্রভাব পড়তে পারে। ভবিষ্যতে কমিশন তৃণমূলের কোনও একটি পক্ষ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিলে তখন কী হবে?

পাশাপাশি, আদালত ওই অ্যাকাউন্টগুলিতে অবৈধ লেনদেনের বিষয়টি তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলে পুলিশকে। সেই মতো সোমবার মামলার শুনানিতে পুলিশ তদন্ত করে রিপোর্ট জমা দেয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ