কলকাতা 

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তিন জেলায় বিকেলে প্রবল বৃষ্টি

শেয়ার করুন

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তিন জেলায় বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বিকেলের বিশেষ বুলেটিনে হাওড়ায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া, কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনায় রয়েছে কমলা সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে পারে এই জেলাগুলিতে।

সকাল থেকে কলকাতা ও শহরতলিতে চড়া রোদ ছিল। কিন্তু বেলা গড়াতেই আকাশ কালো হয়ে আসে। কিছু ক্ষণের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে শহরের একাধিক রাস্তা। সল্টলেক সেক্টর ফাইভ, ইসিপিএস-এর সামনে জল জমে গিয়েছিল। ফলে যান চলাচলেও সমস্যা হয়। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও কমলা সতর্কতা রয়েছে। এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দক্ষিণের অন্য জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে আগামী রবিবার পর্যন্ত প্রতিদিনই বিক্ষিপ্ত বর্ষণের সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণের সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে দু’দিন। শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে।

পশ্চিম ভারতে কিন্তু বর্ষাবিদায়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আলিপুর জানিয়েছে, ১৯ সেপ্টেম্বরের মধ্যে পশ্চিম রাজস্থানের কিছু অংশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। বর্ষাকালীন অক্ষরেখা আপাতত সৌরাষ্ট্র হয়ে উত্তর-পূর্ব আরব সাগরের কাছে নিম্নচাপ অঞ্চলের মধ্যে দিয়ে গিয়েছে। রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড হয়ে তা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এবং দিঘার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ