দেশ 

ছাত্র যুবদের আন্দোলনে পুলিশি জুলুমের আবেদন শুনতে রাজি সুপ্রিম কোর্ট, সোমবার হবে শুনানি

শেয়ার করুন

‘ককরোচ জনতা’ দলের (সিজেপি) সংসদ অভিযানে ‘পুলিশি জুলুম’-এর অভিযোগ তুলে দায়ের হওয়া মামলা শুনতে রাজি সুপ্রিম কোর্ট। শুধু সংসদ অভিযান নয়, তার পরে ধারাবাহিক ভাবে নিট-কেলেঙ্কারি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশের বিভিন্ন প্রান্তে হওয়া বিক্ষোভে পুলিশের ‘অত্যাচারের’ কথাও উল্লেখ রয়েছে আবেদনে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী সোমবার মামলাগুলি শোনা হবে।

শুক্রবার বিকেলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চের সামনে সংসদ অভিযানে পুলিশের ‘অতিসক্রিয়তার’ বিষয়টি তোলেন আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ। তিনি জানান, বিক্ষোভকারীদের ‘মারধরের’ ঘটনায় দু’টি মামলা আনুষ্ঠানিক ভাবে দাখিল করা হয়েছে। জরুরি ভিত্তিতে মামলাগুলির শুনানির আর্জিও জানানো হয়। লাইভ ল-এর প্রতিবেদন অনুযায়ী, আইনজীবী শঙ্করনারায়ণ বলেন, ‘‘সারা দেশে ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে হিংসার ঘটনা ঘটছে। সেই সংক্রান্ত দু’টি আবেদন আগেই করা হয়েছিল। কিন্তু ডায়েরি নম্বরের জন্য অপেক্ষা করছিলাম। এখন আমরা ডায়েরি নম্বর পেয়েছি। আবেদনে সংশ্লিষ্ট রাজ্যগুলিকেও পক্ষ করা হয়েছে।’’

কেন জরুরি ভিত্তিতে শুনানি চান, তার ব্যাখ্যাও করেছেন ওই আইনজীবী। বেঞ্চের সামনে তিনি বলেন, ‘‘প্রতি দিন এমন ঘটনা ঘটছে। পুলিশ বিক্ষোভকারীদের উপর অবাধেই বলপ্রয়োগ করছে। এখানে কিছু নিয়ন্ত্রণের প্রয়োজন। আমাদের এবং পুলিশের মাঝে দাঁড়িয়ে আছে আদালত।’’ তার পরেই প্রধান বিচারপতি জানান, বিষয়টি তালিকাভুক্ত করা হোক। বিবেচনা করে দেখা হবে। ওই আইনজীবী আবার জরুরি শুনানির কথা বলেন। তখন প্রধান বিচারপতি মামলাগুলি সোমবার শুনানির জন্য তালিকাভুক্ত করার নির্দেশ দেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ