দেশ 

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে, নচেৎ কোনো আলোচনা নয় নাড্ডাকে জানিয়ে দিল আন্দোলনকারীরা

শেয়ার করুন

কেন্দ্রের সঙ্গে বৈঠকেও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনড় রইল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শুক্রবার দুপুরে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা এবং জিতেন্দ্র সিংহের সঙ্গে বৈঠক করেন সিজেপি-র দুই প্রতিনিধি সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। ধর্মেন্দ্রের ইস্তফা ছাড়াও বৈঠকে আরও দুই দাবির কথা জানান তাঁরা।

প্রায় দু’ঘণ্টার বৈঠকের পর সিজেপি-র দাবি, শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে কেন্দ্র। শনিবার তাদের সঙ্গে কেন্দ্রের আরও একটি বৈঠক হতে পারে। ধর্মেন্দ্রকে না-সরানো হলে বৃহত্তর আন্দোলনে নামার ডাকও দিয়েছে সিজেপি।

ধর্মেন্দ্রের ইস্তফা ছাড়াও আরও দুই দাবির কথা তুলেছে ককরোচ পার্টি। বৈঠকেও ওই দুই দাবির বিষয়টি উত্থাপিত হয়েছে বলে জানিয়েছেন তাদের দুই প্রতিনিধি। ওই দুই দাবির একটি হল, নিট-এর প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা বাতিলের পর আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ। অপরটি হল, আন্দোলনরত পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলা এবং এফআইআর খারিজ। শুক্রবারের বৈঠকের পর সিজেপি জানিয়েছে, এই দুই দাবি মেনে নিয়েছে কেন্দ্র।

বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে, তা খোলসা করতে চাননি দুই মন্ত্রী। নড্ডা কেবল জানিয়েছেন, ‘সৌহার্দ্যপূর্ণ’ পরিবেশে বৈঠক হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, “ওঁরা (সিজেপি-র প্রতিনিধিরা) তিনটি দাবির কথা জানিয়েছেন। পরীক্ষা ব্যবস্থায় পাঁচটি সংস্থারের প্রস্তাবও দিয়েছেন। তাঁদের বলেছি, আমরা কাল বিকেলে আবার বৈঠকে বসব।”


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ