কলকাতা 

মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাত ও দুর্যোগের সম্ভাবনা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আগামী মঙ্গল বার থেকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়বে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। মঙ্গলবার থেকে বৃষ্টি আবার বাড়তে পারে। সেই সঙ্গে প্রবল দুর্যোগের লাল সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে শহরে আগামী সোমবার পর্যন্ত আবহাওয়ার কোনও সতর্কতা নেই। মঙ্গলবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে কলকাতায়। আগামী শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া, দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গে প্রবল বর্ষণের লাল সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অত্যধিক বৃষ্টি হতে পারে শনিবার এবং রবিবার। এমনকি, বৃষ্টির পরিমাণ ছাপিয়ে যেতে পারে ২০ সেন্টিমিটারের গণ্ডিও। এ ছাড়া, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার-সহ উত্তরের পাহাড় ঘেঁষা সব জেলাতেই সোমবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বর্ষণের (৭ থেকে ২০ সেন্টিমিটার) সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে উত্তরবঙ্গে। যদিও জলপাইগুড়ি এবং কালিম্পঙে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি বেশি। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি কম।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ