ইরান আমেরিকার চলমান সংঘাতে ১৬ জন মার্কিন সেনার মৃত্যু!
বাংলার জনরব ডেস্ক : ইরান আমেরিকার চলমান সংঘাতে শনিবার আরও দুই মার্কিন সেনার মৃত্যু হয়েছে এর ফলে এ পর্যন্ত চলমান সংঘর্ষে ১৬ জন মার্কিন সেনা নিহত হয়েছে বলে জানা গেছে।
মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, সর্বশেষ নিহত দুই সেনা জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় প্রাণ হারান। ওই হামলার পর আরও একজন মার্কিন সেনাসদস্য এখনো নিখোঁজ রয়েছেন।
হোয়াইট হাউস জানিয়েছে, নিহত সেনাদের পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে অবহিত করার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করা হবে না।
যদিও সংঘাতের বেশির ভাগই ড্রোন, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমানের মাধ্যমে পরিচালিত হচ্ছে, তবু সাম্প্রতিক প্রাণহানির ঘটনা মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর নিরাপত্তা ঝুঁকি আরও বাড়িয়েছে। বিশেষ করে অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো ক্রমেই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন থেকে বিরত রাখতেই যুক্তরাষ্ট্র এই সামরিক অভিযান পরিচালনা করছে। তবে জর্ডানে সর্বশেষ হামলায় মার্কিন সেনা নিহতের ঘটনায় তিনি এখনো পৃথক কোনো মন্তব্য করেননি।
অন্যদিকে, ইরানের দাবি অনুযায়ী, গত তিন সপ্তাহে যুক্তরাষ্ট্রের হামলায় দেশটিতে অন্তত ৫০ জন নিহত এবং ৫০০ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে সাম্প্রতিক এক সেতুতে হামলায় প্রাণ হারানো আটজনও রয়েছেন। এছাড়া চলমান সংঘাতে উপসাগরীয় অঞ্চলে কর্মরত বিদেশি নাগরিক ও কয়েকটি দেশের বেসামরিক মানুষেরও প্রাণহানির খবর পাওয়া গেছে। তথ্যসূত্র : এপি

