আন্তর্জাতিক 

যুক্তরাষ্ট্রকে অবিস্মরণীয় শিক্ষা দেওয়ার ঘোষণা করলেন ইরানের সর্বোচ্চ নেতা!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আমেরিকা ইরানের মধ্যে চলমান সংঘর্ষের মধ্যেই সামনে এলো ইরানের সর্বোচ্চ নেতার বিবৃতি। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনভাবেই বিশ্বাস করা যাবে না। তাদের সঙ্গে যে চুক্তি হয়েছিল সে চুক্তিকে বাতিল করা হলো। মার্কিন বাহিনীর উপর এমন হামলা চালাবো যেটা তাদের কাছে অবিস্মরণীয় হিসাবে চিরকাল টিকে থাকবে। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন দাদাগিরি কে উচ্ছেদ করার পরেই তবে ইরান থামবে। তিনি বলেছেন, তেহরান ও তার আঞ্চলিক মিত্ররা যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত এবং যুক্তরাষ্ট্রকে এর মূল্য দিতে হবে। শনিবার (১৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বিবৃতিতে খামেনি অভিযোগ করেন, গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) বারবার লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের কোনো মূল্য বা বিশ্বাসযোগ্যতা নেই। তার ভাষায়, ‘চাপ, আধিপত্যবাদ ও বর্বরতা আমেরিকার নীতির অবিচ্ছেদ্য অংশ।’

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র যদি সংঘাত আরও বাড়াতে চায়, তবে ইরান ও ‘প্রতিরোধ ফ্রন্ট’ তাদের এমন জবাব দেবে, যা তারা কখনো ভুলতে পারবে না।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে সামরিক অভিযান জোরদার করেছে। ইরানের অভিযোগ, এসব হামলায় সেতু, রেললাইন, পানি পরিশোধনকেন্দ্রসহ বিভিন্ন বেসামরিক অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জবাবে তেহরান কুয়েতের বেসামরিক অবকাঠামোতে সফল হামলার দাবি করেছে। হামলার পর দেশটির কর্তৃপক্ষ বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসলামাবাদ চুক্তির পরও যুক্তরাষ্ট্র ইরানে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের দাবি, এসব হামলায় বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশনায় ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে ইরান যুক্তরাষ্ট্রকে অবিলম্বে বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। দেশটির কর্মকর্তাদের ভাষ্য, হামলা চলতে থাকলে তেহরান আরও কঠোর সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হবে।

শুক্রবার ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়িও একই ধরনের সতর্কবার্তা দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি হামলা অব্যাহত রাখে, তাহলে ইরান শুধু পাল্টা হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; প্রয়োজন হলে পূর্ণমাত্রার সামরিক অভিযান পরিচালনা করবে। তাঁর দাবি, সে পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলের কোনো রাজনৈতিক সীমান্তই আর নিরাপদ থাকবে না। তথ্যসূত্র: আল-জাজিরা

 

 

 

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ