প্রচ্ছদ 

আইনজীবীকে খুনের চেষ্টার অভিযোগ থেকে হাইকোর্টে রক্ষাকবচ পেলেন অরূপ বিশ্বাস

শেয়ার করুন

আলিপুরে এক আইনজীবীকে খুনের চেষ্টার অভিযোগের মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট। অরূপের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে গেলে আদালতকে জানাতে হবে বলে বুধবার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

বুধবার শুনানিপর্বে আইনজীবী কিশোর দত্ত অভিযোগ করেন, ডিম ছোড়া থেকে অভিযুক্তদের উপর আক্রমণ, সব কিছুই পুলিশের সামনে হচ্ছে। সেই সঙ্গে তাঁর প্রশ্ন, যাঁরা গ্রেফতার হয়ে রয়েছেন, তাঁদের কেন এ ভাবে মারা হচ্ছে?’’ বিচারপতি ভট্টাচার্য তাঁর পর্যবেক্ষণে বলেন, ‘‘কোমরে দড়ি পরিয়ে প্যারাডিং (ঘোরানো) হচ্ছে, এটা বন্ধ হওয়া উচিত।’’ তদন্তকারী সংস্থাকে হামলার ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশও দেন বিচারপতি। ২৩ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে। প্রসঙ্গত, গত ১০ জুন মেসি-কাণ্ডের মামলাতেও অরূপকে রক্ষাকবচ দিয়েছিল হাই কোর্ট।

প্রসঙ্গত, গত ২৬ জুন অরূপের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন নির্মলেন্দুকুমার ঘোষ নামে এক আইনজীবী। ওই আইনজীবী আলিপুর থানায় যে অভিযোগ দায়ের করেছেন, তাতে অরূপের পাশাপাশি তাঁর অনুগামী ও সহযোগীদের বিরুদ্ধে শারীরিক হেনস্থা, মারধর এবং খুনের চেষ্টার অভিযোগও এনেছেন। নির্মলেন্দু আলিপুর আদালতের আইনজীবী। অভিযোগপত্রে তিনি দাবি করেছেন, গত ১৮ জুন আলিপুর আদালতে একটি মামলার শুনানির দিন ঘটনাটি ঘটে। ওই দিন অরূপের ভাই স্বরূপ বিশ্বাসকে প্রতারণা, তোলাবাজি এবং যৌন হেনস্থার মামলায় আদালতে হাজির করানো হয়েছিল। নির্মলেন্দুর দাবি, তিনি ওই মামলায় অভিযোগকারীর আইনজীবীদের প্রতিনিধিত্ব করছিলেন। তিনি জানান, আদালত চত্বরে অরূপের সমর্থক এবং কিছু ‘সমাজবিরোধী’ উপস্থিত ছিলেন। তাঁরা সকাল থেকেই তাঁকে এবং অন্য কয়েক জন আইনজীবীকে লক্ষ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও উস্কানি দিতে থাকেন বলে অভিযোগ।

নির্মলেন্দুর আরও অভিযোগ, বিকেল সাড়ে ৪টে নাগাদ তিনি কয়েক জন সহকর্মীকে নিয়ে আদালতে গিয়ে দেখেন, একটি সেরেস্তায় বসে রয়েছেন অরূপ। বাইরে দাঁড়িয়ে ছিলেন তাঁর অনুগামীরা। অভিযোগ, তাঁদের মধ্যে কয়েক জন নির্মলেন্দু এবং অন্য আইনজীবীদের লক্ষ্য করে হুমকি দিতে শুরু করেন। আদালত ও পুলিশ তাঁদের ‘পকেটে’ রয়েছে বলেও হুমকি দেওয়া হয়। এর পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নির্মলেন্দুর দাবি, অরূপ সেরেস্তার ভিতর থেকে মোবাইলে তাঁর অনুগামীদের নির্দেশ ও উস্কানি দিচ্ছিলেন। সেই সময়ে এক ব্যক্তি ভাঙা কাচের টুকরো নিয়ে তাঁর উপরে হামলা চালান বলে অভিযোগ নির্মলেন্দুর। তাঁর দাবি, তাঁকে খুন করার উদ্দেশ্যেই ওই হামলা চালানো হয়েছিল।

নির্মলেন্দুর দাবি, আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে তাঁর ডান হাতের বুড়ো আঙুলে গুরুতর চোট লাগে। আঘাত পান পিঠে এবং ডান কাঁধেও। পরে সহকর্মীদের সাহায্যে সেখান থেকে বেরিয়ে এসএসকেএম হাসপাতালে গিয়ে চিকিৎসা করান তিনি। পুলিশ সূত্রের খবর, অভিযোগের ভিত্তিতে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। আদালত চত্বরের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করে দেখা হতে পারে। উল্লেখ্য, ১৯ জুন আলিপুর আদালত চত্বরে অরূপকে ঘিরে আইনজীবীদের একাংশের বিক্ষোভ ও উত্তেজনার ঘটনা সামনে এসেছিল। সেই ঘটনার পরেই এই ফৌজদারি মামলা দায়ের করা হয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ