কলকাতা 

মমতার নিরাপত্তা কমানো হয়নি তবে পছন্দের লোক পাওয়া যাবে না কুনালদের স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থার কোনোরকম ভাবেই কমানো হয়নি বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এ নিয়ে বৃহস্পতিবার বিধানসভায় বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেন ছয় বিধায়ক। কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, অশোক দেব, রহিম বক্সী, রুকবানুর রহমান— শুভেন্দুর সঙ্গে দেখা করতে যাওয়া এই ছয় বিধায়কই মমতাপন্থী বলে পরিচিত। মুখ্যমন্ত্রী যদিও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা হচ্ছে, যা পাওয়া যাবে না।

বুধবার রাতে তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ব্রায়েন দাবি করেন, ২০ বছর ধরে মমতার নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীদের সরানো হয়েছে। তার বদলে তিন জন নতুন অপরিচিত নিরাপত্তাকর্মীকে নিয়োগ করা হয়েছে। ডেরেক এক্স হ্যান্ডলে পোস্ট দিলে জানান, সন্ধ্যা নাগাদ হঠাৎ করেই ওই তিন জন অপরিচিত নিরাপত্তাকর্মীকে মমতার বাড়িতে পাঠানো হয়। তার পর ফেসবুক লাইভ গোটা বিষয়টি তুলে ধরেন। তিনি দাবি করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পর্যাপ্ত নিরাপত্তার অভাব রয়েছে।

বৃহস্পতিবার বিধানসভায় শুরু হয় অধিবেশন। রাজ্যপালের ভাষণের পরেই মুখ্যমন্ত্রীর ঘরে চলে যান কুণালেরা। সেখানে বসেই বৈঠক করেন। বিধায়কদের সূত্রে জানা গিয়েছে, নেত্রী মমতার নিরাপত্তার পুরনো দল ফেরানো যায় কি না, সেই নিয়ে আলোচনা হয়েছে। যদিও সূত্রের খবর, এই নিয়ে নেত্রী নিজে কোনও অনুরোধ করতে বলেননি বিধায়কদের। ছয় বিধায়ক নিজেই সে কথা বলেন। রক্ষী বদলের পরের দিন শুভেন্দুর সঙ্গে বৈঠকে সেই কথা তুলে ধরেন কুণাল, শোভনদেবরা।

সেই নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা একেবারেই ঠিক নয়। জ়েড প্লাস যে নিরাপত্তা তিনি পেয়েছেন, তা-ই তিনি পাচ্ছেন। এক জন নিরাপত্তারক্ষীও কমানো হয়নি।’’ তার পরেই তিনি যোগ করেন, ‘‘প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা স্থায়ী নয়। আমার পিএসও-রাও স্থায়ী নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের কথা বলা হচ্ছে। সরকারি কোনও ব‍্যবস্থায় নিজের পছন্দের লোক পাওয়া যায় না।”

সূত্র বলছে, ওই বৈঠকে জেলায় জেলায় তৃণমূল নেতা-কর্মীদের উপর হামলা এবং হয়রানির ঘটনার অভিযোগ নিয়েও আলোচনা হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় দুর্নীতি, তোলাবাজির অভিযোগে তৃণমূল নেতা-কর্মীরা গ্রেফতার হয়েছেন। অনেকের বাড়িতে তল্লাশি চলেছে। তৃণমূল ‘রাজনৈতিক প্রতিহিংসার’ অভিযোগ করেছে। তা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন কুণালেরা। সেই সঙ্গে, পুনর্বাসন ছাড়া বুলডোজ়ার দিয়ে হকার উচ্ছেদ থামানোর দাবিও ওই বিধায়কেরা তুলেছেন বলে খবর। তাঁদের দাবি, এখনই উচ্ছেদ না করে সময় দেওয়া হোক হকারদের। প্রসঙ্গত, এই ইস্যুতে বুধবার পথে নেমেছিলেন তৃণমূলনেত্রী মমতা। এছাড়াও কিছু জরুরি পরিষদীয় বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে তৃণমূল নেতাদের কথা হয়েছে বলে খবর।

বৈঠক থেকে বেরিয়ে শোভনদেব বলেন, ‘‘বৃহস্পতিবার অধিবেশন শুরু হয়েছে। দলের পক্ষ থেকে আমাদের কয়েকটা প্রশ্ন ছিল। আমাদের বসার জায়গা কোনটা, আমরা ঘর পাব কি না, বলার সুযোগ পাব কি না— এ বিষয়ে প্রশ্ন করেছি। আমরা তো জনপ্রতিনিধি। আমাদের নিজের এলাকার মানুষদেরও বলতে হবে। জবাবদিহি করতে হবে।’’ এর পরে কুণাল বলেন, ‘‘কয়েকটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শোভনদেব চট্টোপাধ্যায়কে যথেষ্ট সম্মান প্রদর্শন করেছেন সিনিয়র মোস্ট বিধায়ক হিসাবে।’’

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ