শিবনাথ চৌধুরী স্মরণসভা ও গ্রন্থপ্রকাশ
বিশেষ প্রতিনিধি : ৩০ মে, ২০২৬ শনিবার কৃষ্ণনগর পৌরসভার দ্বিজেন্দ্রমঞ্চে অনুষ্ঠিত হলো ‘মুক্তধারা’ আয়োজিত শিবনাথ চৌধুরী স্মরণসভা এবং ৫৮তম আলোচনাসত্র। উদ্বোধন সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীতশিল্পী সংঘমিত্রা সরকার। এদিনের অনুষ্ঠান দুটি পর্বে বিন্যস্ত ছিল।
প্রথম পর্বে মুক্তধারার অন্যতম প্রতিষ্ঠাতা-সদস্য প্রয়াত শিক্ষক-সম্পাদক-সমবায়িক শিবনাথ চৌধুরীকে শ্রদ্ধা নিবেদন করে ‘শিবনাথ চৌধুরী স্মরণে মুক্তধারার শ্রদ্ধার্ঘ্য’ শীর্ষক একটি স্মারকগ্রন্থ প্রকাশিত হয়। গ্রন্থের আবরণ উন্মোচন করেন ছবি চৌধুরী (শিবনাথ চৌধুরীর স্ত্রী), লেখক পার্শ্বনাথ রায়চৌধুরী এবং দেবাশিস মণ্ডল। সঙ্গে মুক্তধারার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সঞ্চালক সম্পদনারায়ণ ধর, রামকৃষ্ণ দে, তপনকুমার ভট্টাচার্য ও গ্রন্থের সম্পাদক দীপাঞ্জন দে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘কৃষ্ণনগরের নাট্যচর্চা— ঐতিহ্যের উত্তরাধিকার’ বিষয়ে অনবদ্য আলোচনা উপস্থাপন করেন ৫৮তম আলোচনাসত্রের আলোচক বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সুশান্তকুমার হালদার। মুক্তধারার শ্রোতাবন্ধুরা তাঁর তথ্যসমৃদ্ধ বিশদ আলোচনাটি মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেছেন। আলোচক সুশান্তকুমার হালদারের পরিশ্রমলব্ধ এই পরিবেশন আমাদের আপ্লুত করেছে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সম্পদনারায়ণ ধর ও রামকৃষ্ণ দে। সমগ্র অনুষ্ঠানটি মুক্তধারার দর্শক-শ্রোতাদের ভালো লেগেছে।

