প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা গ্রেফতার ২
বাংলার জনরব ডেস্ক : রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে মিলল টাকার পাহাড়! শুধু তাই নয়, উদ্ধার হল বিপুল পরিমাণ কার্তুজ। রয়েছে সেভেন এমএম পিস্তল, এয়ারগান। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার মছলন্দপুরে। গ্রেফতার হয়েছেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের স্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ অজিত সাহা। তাঁর ভাই সুজিত কুমার সাহাকেও গ্রেপ্তার করা হয়েছে। বাড়ি থেকে উদ্ধার হয়েছে মোট ২৭ লক্ষ টাকা।
মঙ্গলবার রাতে গোবরডাঙা থানার পুলিশ মসলন্দপুরে দাপুটে তৃণমূল নেতা অজিত সাহা ও তাঁর ভাই সুবীর সাহার বাড়িতে হানা দেয়। দীর্ঘ সময় তাঁদের বাড়িতে চলে তল্লাশি অভিযান। বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনা প্রথমে জানা গিয়েছিল। পরে জানা যায়, ২৭ লক্ষের বেশি টাকা বাড়ি থেকে উদ্ধার হয়েছে।
শুধু টাকাই নয়, বাড়ি থেকে উদ্ধার হয়েছে মোট ৬২৬ রাউন্ড গুলি। এছাড়াও উদ্ধার হয়েছে ৬১টি গুলির খোল। বাড়িতে তল্লাশি চালিয়ে পাওয়া গিয়েছে একটি সেভেন এমএম পিস্তল ও একটি এয়ারগান। অস্ত্র, গুলি, টাকাই নয়, তাঁদের বাড়ি থেকে মিলেছে ৫২ বোতল বিদেশি মদের বোতল! এসব কীভাবে বাড়িতে এল? সেসবের কোনও সদুত্তর তৃণমূল নেতারা দিতে পারেননি। রাতেই তাঁদের গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। আজ বুধবার ধৃতদের বারাসত আদালতে তোলা হয়।
আদালতে নিয়ে যাওয়ার সময় সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে সুজিত সাহা জানান, তৃণমূল করে বলে তাকে ফাঁসানো হয়েছে। একই দাবি ধৃত জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা অজিত সাহার।

