কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কলকাতায় সর্বভারতীয় বাংলা ভাষা মঞ্চ নিবেদিত রবীন্দ্র জয়ন্তীতে ভারতের সব ভাষায় নির্বাচিত রবীন্দ্র রচনাবলী অবিলম্বে প্রকাশের আহ্বান       

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, কলকাতা; গত ৯ মে কলিকাতা বিশ্ববিদ্যালয় জাতীয় সংহতি সংসদে পালিত হয় রবীন্দ্রনাথের ১৬৬তম জন্ম জয়ন্তী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ ভাষা গবেষক ও ভাষা মঞ্চের কেন্দ্রীয় সম্পাদক নীতীশ বিশ্বাস। তিনি রবীন্দ্রনাথের ভারত তীর্থ কবিতা উদ্ধৃত করে তাঁর বক্তব্যে রবীন্দ্রচর্চা প্রসারের জন্য ভারতীয় সমস্ত ভাষায় রবীন্দ্রনাথের নির্বাচিত রচনাবলী অবিলম্বে প্রকাশ করার দাবি জানান। তিনি স্মরণ করান ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহারলাল নেহরু, রবীন্দ্র শতবর্ষে (১৯৬১ সালেই) ঘোষণা করেছিলেন যে ভারতীয় সব ভাষায় রবীন্দ্র রচনাবলী প্রকাশিত হবে।

আমরা গান্ধিজির মতো রবীন্দ্র নাথেরও সাহিত্য, সঙ্গীত, চিত্রকলাসহ কমপক্ষে ১০খন্ডে নির্বাচিত রবীন্দ্র রচনাবলী প্রকাশের দাবি করি। সারা দেশে যেসব ভাষায় রবীন্দ্র রচনাবলী অনুবাদ কর্মের অগ্রগতি সাধিত হয়েছে, তার অনেক তথ্য তিনি তুলে ধরেন। তিনি বলেন, আমাদের দৃঢ় প্রত্যয়ের ফলে ভারতের জাতীয় সংহতি ও দেশের আন্তঃসম্প্রীতি দৃঢ় হবে। তিনি রবীন্দ্রনাথকে জাতীয় কবি হিসেবে ঘোষণার দাবি করেন।

Advertisement

অধ্যাপক যূথিকা পান্ডে তাঁর ভাষণে রবীন্দ্র জীবনের বিচিত্র বিকাশের নানা দিক তথা শৈশব থেকে সায়াহ্নের আনন্দ-বেদনাময় জীবনের কথা সরল ভাষায় সুন্দর ভাবে চিত্রিত করেন।

রবীন্দ্র গবেষক জয়ন্ত রায়, রবীন্দ্র জীবনের নানা বাঁকের অজস্র চিত্র সম্ভারে তাঁর দীর্ঘ ভাষণকে রত্ন খচিত করে তোলেন। তিনি ক্ষোভের সঙ্গে বলেন শান্তিনিকেতন তথা বিশ্বভারতী সৃজনে তাঁকে বাঙালি ধনীরা সাহায্য তো করেনইনি, বরং নানা ভাবে প্রতিবন্ধকতা করেন।

অনুষ্ঠানের উদ্বোধনী সংগীত পরিবেশন করেন ৮৩ বছরের শিল্পী গোপাল চক্রবর্তী এবং আবৃত্তি পরিবেশন করেন ৯২ বছরের প্রবীণ শিল্পী ও মানভুম ভাষা সৈনিক কাজল সেন। সমাপ্তি সঙ্গীতে ছিলেন দ্বিজেন মুখার্জির কৃতী ছাত্র ধ্রুব হালদার। এছাড়া রবীন্দ্র নাথের উদ্দেশ্যে বিশেষ নিবেদনে কবি সম্মেলনে যোগ দেন কবি বিশ্বজিত সিনহা, তপন রায়, মীনা দাস, বীণা ভট্টাচার্য,দীপঙ্কর বিশ্বাস, সুবোধ বিশ্বাস,মঞ্জু বসু, উর্মিলা সাউ,অনন্যা দেব,জাগৃতি ঘোষ,রাধেশ্যাম সরদার। সঙ্গীতে ছিলেন রঞ্জনা কবিরাজ বিশ্বাস,মৌসুমী দাস,অরুণাভ রায়,রত্নদীপ চক্রবর্তী,অপরাজিতা হালদার, রাজ দীপ্তি মিত্র, সবিতা বসু। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অমিতাভ চক্রবর্তী, সুনীল চক্রবর্তী ও তপন দাস।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ