জেলা 

মাধ্যমিক পরীক্ষার্থীদের দিশা দেখাতে জঙ্গিপুরে বিশেষ প্রস্তুতি কর্মশালা

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি :আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতিকে আরও নিখুঁত ও আত্মবিশ্বাসী করে তুলতে মুর্শিদাবাদের জঙ্গিপুরে আয়োজিত হল এক বিশেষ শিক্ষা কর্মশালা। শুক্রবার, ১লা মে জঙ্গিপুরের ডঃ কালাম এডুকেয়ার মিশন-এর উদ্যোগে এই একদিনের প্রস্তুতি শিবিরের আয়োজন করা হয়। পরীক্ষায় ভালো ফল করার কৌশল এবং ভীতি কাটানোর লক্ষ্য নিয়েই মূলত এই মহতী উদ্যোগ। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা জগতের বেশ কয়েকজন নক্ষত্র ও স্বনামধন্য শিক্ষক। উপস্থিত ছিলেন মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রমের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ডঃ শশাঙ্ক শেখর মন্ডল, বিশিষ্ট ইংরেজি শিক্ষক অমিতাভ পাল, অনুসন্ধান সোসাইটির সম্পাদক তথা প্রখ্যাত গণিত শিক্ষক গৌরাঙ্গ সরখেল এবং বিশিষ্ট শিক্ষাব্রতী নায়ীমুল হক।

কর্মশালায় ডঃ শশাঙ্ক শেখর মন্ডল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, “কেবল পড়াশোনা করলেই হবে না, উত্তরের উপস্থাপনা হতে হবে ঝকঝকে। সময়ানুবর্তিতা ও আত্মবিশ্বাসই সাফল্যের চাবিকাঠি। জীবন বিজ্ঞান বিষয় আপাত দৃষ্টিতে কঠিন মনে হলেও এখানে খুব সহজে ১০০ শতাংশ নম্বর পাওয়াও কিন্তু অনেক সহজ” অন্যদিকে, গণিতের ভীতি দূর করতে গৌরাঙ্গ সরখেল বিভিন্ন সহজ নিয়ম ও নিখুঁত খাতা করার ওপর জোর দেন। ইংরেজি বিষয়ের খুঁটিনাটি ও নির্মিতি বিভাগের জটিলতা সহজভাবে বুঝিয়ে দেন অমিতাভ পাল। শিক্ষকদের পাশাপাশি ছাত্রছাত্রীদের সাথেও বিস্তারিত আলোচনা করেন আমন্ত্রিত অতিথিরা।

Advertisement

টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার আগে কীভাবে সিলেবাস শেষ করে মক টেস্ট, ডাউট ক্লিয়ারিং ইত্যাদির মাধ্যমে প্রস্তুতি নিতে হবে, সেই নিয়ে একটি নির্দিষ্ট রূপরেখা তৈরি করে দেন নায়ীমুল হক। মিশন কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল শিক্ষক এবং অভিভাবকরা। ডঃ কালাম এডুকেয়ার মিশনের সম্পাদক সাদিকুল ইসলাম জানিয়েছেন, প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা যাতে কলকাতার অভিজ্ঞ শিক্ষকদের সান্নিধ্য ও সঠিক পরামর্শ পায়, সেই উদ্দেশ্যেই এই আয়োজন। এদিনের এই বিশেষ কর্মশালা থেকে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীরা প্রভূত উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ