জেলা 

মেধা অন্বেষণে নয়া দিশা: দক্ষিণ দিনাজপুরে মোস্তাক হোসেন ট্যালেন্ট সার্চের বিশেষ দক্ষতা নির্ণায়ক শিবির

শেয়ার করুন

নায়ীমুল হক : ছাত্র-ছাত্রীদের কেবল পুঁথিগত শিক্ষায় সীমাবদ্ধ না রেখে তাদের সুপ্ত প্রতিভা ও বিশেষ দক্ষতাকে চিনিয়ে দিতে দক্ষিণ দিনাজপুরে অনুষ্ঠিত হল এক অনন্য কর্মশালা। বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোস্তাক হোসেনের নামাঙ্কিত ট্যালেন্ট সার্চ পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের নিয়ে মঙ্গলবার বেস আন-নূর মডেল স্কুলে এই ‘বিশেষ দক্ষতা নির্ণায়ক শিবির’ আয়োজিত হয়।

২০২৫ সালে আয়োজিত এই ট্যালেন্ট সার্চ পরীক্ষায় রাজ্যের তৃতীয় থেকে দশম শ্রেণির প্রায় ৮,০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে চূড়ান্তভাবে সফল ২৭০ জন শিক্ষার্থীকে ইতিপূর্বে স্কলারশিপ প্রদান করা হয়। আজকের এই বিশেষ শিবিরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ৫৮ জন নির্বাচিত কৃতী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Advertisement

সকাল ১১টায় দেশাত্মবোধক গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শিবিরের মূল আকর্ষণ ছিল অভিজ্ঞ কাউন্সেলরদের সাথে শিক্ষার্থীদের সরাসরি মত বিনিময়। প্রতিটি শিশুর ঝোঁক কোন বিষয়ের প্রতি, তাদের কৌতূহল ও বিশেষ দক্ষতা কোন দিকে—তা যাচাই করতে শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়। কাউন্সিলররা নিবিড় আলোচনার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ কেরিয়ার গাইডেন্স প্রদান করেন।

আয়োজকদের মতে, অনেক ক্ষেত্রে সঠিক দিশার অভাবে মেধাবী ছাত্র-ছাত্রীরা ভুল পেশা নির্বাচন করে ফেলে। তাই তাদের ব্যক্তিগত আগ্রহ ও দক্ষতার ওপর ভিত্তি করে সঠিক পথপ্রদর্শন করাই ছিল এই কর্মশালার মূল উদ্দেশ্য। অভিভাবকদের মধ্যেও এই কর্মসূচি ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। আগামী দিনে এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং সঠিক লক্ষ্যস্থির করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা।

আয়োজক সংস্থা ‘বেস এডুকেশনাল হাব’-এর পক্ষ থেকে খাদেমুল ইসলাম এই কর্মসূচিকে একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “ট্যালেন্ট সার্চের পর সফল শিক্ষার্থীদের কেবল পুরস্কৃত করাই লক্ষ্য নয়, বরং তাদের সঠিক পথে চালিত করাই আমাদের মূল উদ্দেশ্য।” তিনি এই কর্মশালার সফল রূপায়নের জন্য গোলাম রাব্বানী, মোস্তাকিম আলম সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

উপস্থিত অভিভাবকরা এই উদ্যোগের প্রশংসা করে জানান, এ ধরণের কাউন্সেলিং শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং সঠিক পেশা নির্বাচনে অত্যন্ত সহায়ক হবে। সংশ্লিষ্ট মহলের মতে, মেধাবী শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে এই শিবির এক নতুন দিগন্ত উন্মোচন করল।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ