মহিলা যাত্রীর কাছে বেশি ভাড়া দাবী করে অসভ্য আচরণ করার দায়ে গ্রেফতার ক্যাব চালক
বাংলার জনরব ডেস্ক : অ্যাপ ক্যাবে যে নির্দিষ্ট ভাড়া দেখিয়েছিল সেই মতো ভাড়া দিয়েছিলেন যাত্রী কিন্তু চালক তা নিতে অস্বীকার করে। আর এ থেকে শুরু হয় বচসা এরপরই ওই মহিলা যাত্রীর হাত মুড়ে দেন পেটে লাথি মারেন ক্যাব চালক বলে অভিযোগ। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার গ্রেফতার করা হয়েছে ওই ক্যাব চালককে।
শর্মিষ্ঠা ঘোষ নামে ওই মহিলা যাত্রীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার অ্যাপ ক্যাব চালককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম শাহবাজ় আলি। ভারতীয় ন্যায় সংহিতার ১২৬(২), ১১৫(২) এবং ৭৪ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, কলকাতা সংলগ্ন সল্টলেকে ঘটনাটি ঘটেছে। মহিলা জানিয়েছেন, তিনি বাগুইআটি থেকে গাড়ি বুক করেছিলেন। তাঁর গন্তব্য ছিল সল্টলেকের ডিএফ ব্লক। অভিযোগ, সেখানে পৌঁছোনোর পর থেকেই তাঁর কাছ থেকে বেশি টাকা দাবি করতে শুরু করেন চালক। মহিলা যাত্রী তা দিতে না-চাওয়ায় দু’জনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। মহিলা যাত্রী পুলিশকে জানিয়েছেন, অ্যাপে যা ভাড়া দেখিয়েছিল, তা দিয়ে তিনি গাড়ি থেকে নেমে যাওয়ার সময়েই তাঁকে হেনস্থা করেন চালক। তাঁর হাত মুচকে দেন। পেটেও লাথি মারেন। ওই ঘটনার পরেই পুলিশের দ্বারস্থ হন মহিলা।

