কলকাতা প্রচ্ছদ 

স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠকের পরেও সমাধান সূত্র বের হয়নি আন্দোলন অব্যাহত থাকবে জানালেন জুনিয়র চিকিৎসকরা

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযানের পরেও কোন সমাধান সূত্র বের হয়ে আসেনি ফলে আন্দোলন আরও তীব্র গতি পাবে বলে মনে করা হচ্ছে।

আন্দোলনকারী পড়ুয়াদের দাবি, ‘স্বাস্থ্য কর্তাদের সঙ্গে কথা বলে মনে হল, তাঁরা কোনও একটা চাপের কাছে নতি স্বীকার করেছেন। ফলে আমাদের দাবির কোনও সুরাহা হল না।’ অগত্যা, বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার কথাও জানিয়ে দিলেন কর্মবিরতিতে অনড় পড়ুয়ারা।

একই সঙ্গে সিবিআইয়ের তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। তাঁদের কথায়, ময়নাতদন্তের রিপোর্টে যে নৃশংসতার বর্ণনা উঠে এসেছে তাতে স্পষ্ট কারও একার পক্ষে এঘটনা ঘটানো সম্ভব নয়। সঞ্জয়ের পাশাপাশি আরও কেউ জড়িত রয়েছে ডাক্তারি ছাত্রী খুনের ঘটনায়। অথচ তদন্তভার গ্রহণের পর থেকে সিবিআইয়ের অগ্রগতি কোথায়?

গত ৮ অগস্ট মধ্যরাতে আরজি করের চারতলার সেমিনার হলে ধর্ষণ ও খুন করা হয় ডাক্তারি ছাত্রীকে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ছেঁড়া হেডফোনের তারের সূত্র ধরে পরের দিনই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল পুলিশ। কলকাতা হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার থেকে ঘটনার তদন্তে নেমেছে সিবিআই।

আন্দোলনকারীদের কথায়, “১৩ তারিখ সিবিআই তদন্তভার গ্রহণ করে, তারপর আট দিন অতিক্রান্ত। আর কতদিন অপেক্ষা করব? স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মী হিসেবে আমাদেরও কাজে ফেরা জরুরি। কিন্তু সেটা করতে হলে তো আগে আমাদের সহপাঠীর খুনের বিচার চাই। তা না হলে তো আন্দোলন থেকে সরে আসার প্রশ্নই ওঠে না।”

আন্দোলনকারীদের তরফে এদিন স্বাস্থ্য ভবন অভিযানে দুটি দাবি সামনে রাখা হয়েছিল। এক: এতবড় ঘটনার পরও কার নির্দেশে আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে অন্য একটি কলেজের অধ্যক্ষর পদে বসানো হল? দুই, সন্দীপ ঘোষের পর আরজি করের দায়িত্ব নিলেও সুহৃতা পালকে একবারও হাসপাতালে দেখা যায়নি কেন? সূত্রের খবর, এ ব্যাপারে স্বাস্থ্য কর্তাদের কাছ থেকে উল্লেখয়োগ্য কোনও ব্যাখ্যা পাননি আন্দোলনকারীরা।

এদিন রাজ্য এবং ভিন রাজ্যের ৩১টি মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের ফোরাম সিবিআই দফতর থেকে স্বাস্থ্য ভবন অভিযানে নেমেছিল। কিন্তু স্বাস্থ্য ভবন থেকে সন্তোষজনক কোনও সদুত্তর না পেয়ে বাইরে এসে আন্দোলন অব্যাহত রাখার কথা জানিয়ে দেন তাঁরা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ