‘রাজ্য সরকারের প্রতি আস্থা হারিয়েছে বাংলার মানুষ’: রাজ্যপাল সিভি আনন্দ বোস
বিশেষ প্রতিনিধি : ‘রাজ্য সরকারের প্রতি আস্থা হারিয়েছে বাংলার মানুষ’। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
অন্য দিকে, আরজি কর-কাণ্ডে সুপ্রিম কোর্টের শুনানি নিয়ে বাংলার রাজ্যপালের প্রতিক্রিয়া, ‘‘শীর্ষ আদালতের পর্যবেক্ষণ শুনে দেশ স্বস্তি পেল।’’
সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, ‘‘এই মুহূর্তে বাংলার অবস্থা উদ্বেগজনক। ছাত্ররা সরকারের উপর বিশ্বাস হারিয়েছেন, যুবকেরা ভীতসন্ত্রস্ত, আর মহিলারা রয়েছেন হতাশায়। নাগরিকদের সুরক্ষা দেওয়া সরকারের দায়িত্ব। কিন্তু এই ঘটনার পর প্রশ্ন উঠছে সরকারের ভূমিকা নিয়েই। সাম্প্রতিক ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সরকারের গাফিলতি।’’ কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্যপাল। তাঁর মতে, কলকাতা পুলিশ ‘দুর্নীতিগ্রস্ত’ এবং ‘রাজনৈতিক মদতপুষ্ট’।
সেই সঙ্গে মঙ্গলবার থেকেই রাজভবনে বিশেষ একটি কন্ট্রোল রুম খুলেছেন রাজ্যপাল। আরজি কর-কাণ্ড নিয়ে সাধারণ মানুষ ০৩৩২২০০১৬৪১ এবং ৯২৮৯০১০৬৮২— এই দু’টি নম্বরে ফোন করে মতামত জানাতে পারবেন। কন্ট্রোল রুম থেকে মঙ্গলবার সকালে প্রথম ফোনটি করেন রাজ্যপাল স্বয়ং। নিহত তরুণীর বাবার সঙ্গে কথা বলেছেন তিনি।
প্রসঙ্গত, আর জি কর-কাণ্ডের পরে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে উপাচার্যদের নির্দেশ দিয়েছিলেন আচার্য তথা রাজ্যপাল। বর্তমানে দিল্লিতে রয়েছেন তিনি। মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে দেখাও করেন।

