দেশ 

বিশ্বকাপ ক্রিকেটে ভারতের হারের জন্য মোদিকে কটাক্ষ করায় রাহুল গান্ধীকে শোকজ করল নির্বাচন কমিশন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতীয় দলের পরাজয়ের কারণ হিসাবে নাম না করে মোদিকে কটাক্ষ করায় রাহুল গান্ধীকে শোকজ করলো নির্বাচন কমিশন। গতকাল বুধবার এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল। তারপর বৃহস্পতিবার ই নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে রাহুল গান্ধীকে শোকজ নোটিশ পাঠালো নির্বাচন কমিশন।

‘অপয়া’ মন্তব্যের পাশাপাশি মোদীর বিরুদ্ধে ‘পকেটমার’ এবং ‘ঋণ মকুব’ সংক্রান্ত মন্তব্যের অভিযোগের প্রেক্ষিতেও রাহুলের কাছে কৈফিয়ত তলব করেছে কমিশন। রাজস্থানে নির্বাচনী প্রচারে জাতগণনা এবং অনগ্রসর শ্রেণি (ওবিসি) প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন রাহুল।

ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ দাবি করেন, বিভিন্ন সময় ওবিসি গোষ্ঠীর কথা বলে মোদী আখের গুছিয়ে নিলেও আদতে তাঁদের জন্য কিছুই করেননি। তিনি বলেন, ‘‘ওবিসি সংখ্যায় বেশি কিন্তু কেন্দ্র তাদের উন্নয়ন নিয়ে মাথা ঘামায় না।’’ তার আগে রাহুল মধ্যপ্রদেশে ভোটের প্রচারে গিয়ে ‘মোদীর পকেটমারি’ নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে বিজেপির অভিযোগ।

প্রসঙ্গত, মোদীর বিরুদ্ধে ‘ভিত্তিহীন এবং মিথ্যা’ অভিযোগ করার জন্য সপ্তাহখানেক আগে প্রিয়ঙ্কার কাছে কৈফিয়ত তলব করা হয়েছিল কমিশনের তরফে। মধ্যপ্রদেশে কংগ্রেসের সভায় প্রিয়ঙ্কা দাবি করেছিলেন, মোদী রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড’ (ভেল)-কে তাঁর ‘বন্ধুদের’ হাতে তুলে দিয়েছেন। প্রিয়ঙ্কার ওই অভিযোগ ‘মিথ্যা এবং ভিত্তিহীন’ বলে কমিশনে অভিযোগ জানিয়েছিল বিজেপি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ