“আপনাদের কাজ কি মানুষকে বোকা বানানো?”প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই ডিরেক্টরকে তলব করে প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
বাংলার জনরব ডেস্ক : প্রাথমিক দুর্নীতি মামলায় গত বছর ২৭শে সেপ্টেম্বর সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সময়ের বিচারে এক বছর অতিক্রান্ত হলেও তদন্ত সেভাবে এগোয়নি বলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অভিযোগ। তাই বুধবার এই মামলার শুনানিতে এবার সরাসরি সিবিআই ডিরেক্টরকে তলব করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশ আগামী চৌঠা অক্টোবর ভার্চুয়াল শুনানির মাধ্যমে সিবিআই ডিরেক্টর প্রবীন কুমার সুদ কে আদালতকে রিপোর্ট দিতে হবে।তদন্তকারী অফিসারদের সঙ্গে আলোচনা করে রিপোর্ট দেবেন সিবিআই ডিরেক্টর।
প্রাথমিকের ওএমআর শিট সংক্রান্ত এই মামলায় মামলাকারীর নাম শান্তনু শিট। তাঁর আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় আদালতে জানান, ওএমআর শিটের ‘ডিজিটাইসড ডেটা’য় অনেক ভুল রয়েছে। প্রশ্ন-উত্তরের অনেক বিকল্পও ভুল রয়েছে বলে দাবি করেন তিনি। তা হলে পর্যদ আদালতে যে তথ্য দিচ্ছে, তা বিশ্বাসযোগ্য হবে কী করে, সেই প্রশ্ন তোলেন মামলাকারীর আইনজীবী।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, গত বছর ২৭ সেপ্টেম্বর সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। প্রায় এক বছর হতে চলল, সিবিআই এখনও কোনও উপযুক্ত পদক্ষেপ করতে পারনি। সত্য সামনে আনতে তাদের অনীহা চোখে পড়েছে। তাই সিবিআই ডিরেক্টরকে আদালতের প্রশ্নের উত্তর দিতে হবে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, “আপনাদের কাজ কি মানুষকে বোকা বানানো? গতকাল শুনানিতে দেখলাম অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন সিবিআই করেনি। আজকেও দেখলাম সাধারণ ভাবে যে প্রশ্ন করা উচিত ছিল, সিবিআই তা করেনি।” যে চার জন ব্যক্তি টাকা নিয়ে চাকরি দেওয়ার কথা বলেছিলেন, তাঁদেরও সিবিআই গ্রেফতার করেনি বলে স্মরণ করিয়ে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পরে ওই চার জন নিম্ন আদালতে আত্মসমর্পণ করার পর তাঁদের গ্রেফতার করা হয়।

