অসামান্য পন্ডিত ব্যক্তি ছিলেন অধ্যাপক বদিউর রহমান
সেখ ইবাদুল ইসলাম: বাংলায় আরবি সাহিত্যের অন্যতম দিকপাল ব্যক্তিত্ব এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক জনাব বদিউর রহমান আজ মঙ্গলবার ১৯ শে সেপ্টেম্বর সকালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেমন মানুষ ছিলেন বদিউর রহমান? অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন বিশাল জ্ঞানের অধিকারী হওয়া সত্ত্বেও অহংকার তাকে স্পর্শ করতে পারেনি।
পশ্চিম বাংলার বাঙালি মুসলমান সমাজের অন্যতম প্রথম সারির একজন বুদ্ধিজীবী ছিলেন। শুধু বুদ্ধিজীবী নন শিক্ষাবিদও ছিলেন। তাঁর ছাত্ররা এতটাই ভক্ত ছিলেন যে বদিউর রহমান সম্পর্কে তারা একটা অন্যরকম অনুভব করেন। আরবি ভাষায় পন্ডিত হওয়া সত্ত্বেও বাংলা ও অন্যান্য ভাষাতে তিনি ছিলেন সমান ভাবে দক্ষ। বলা যেতে পারে বর্তমান সময়ে তিনি ছিলেন আমাদের সমাজে একজন স্তম্ভ।
সম্প্রতি কয়েক মাস আগে বাংলার জনরব অনুষ্ঠিত অধ্যাপক মনিরুজ্জামান স্মারক বক্তৃতা অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন। মনিরুজ্জামান সাহেবের কন্যা শিক্ষিকা মনিরা বেগমের বিশেষ অনুরোধে তিনি এই সভাতে যোগ দিয়েছিলেন। শারীরিক অসুস্থতা সত্বেও শুধুমাত্র বন্ধুর স্মৃতিচারণা করার জন্য ছুটে এসেছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ে। আর শ্রোতা দর্শকদের কাছে অধ্যাপক মনিরুজ্জামানের জীবনের অনেক অজানা তথ্য সামনে এনেছিলেন। একজন বিশিষ্ট শিক্ষাবিদ যখন আর একজন শিক্ষাব্রতীর কথা বলেন সেই কথা বলার মধ্যে যে তথ্য এবং আবেগ থাকে তা এক কথায় অনবদ্য বলা যেতে পারে। সেই অনবদ্য উপস্থাপনা আমরা দেখেছিলাম অধ্যাপক বদিউর রহমানের মুখে বা কথায়।
অধ্যাপক বদিউর রহমান যেভাবে ভাষা চয়নের মধ্য দিয়ে এবং প্রত্যেকটি শব্দকে ব্যবহার করেছিলেন অধ্যাপক মনিরুজ্জামানের স্মৃতিচারণা করতে গিয়ে তার মধ্যেই লুকিয়ে ছিল তার পাণ্ডিত্য তার ভাষা চর্চার দক্ষতা। ইদানিং এরকম শিক্ষাবিদের দেখা সচারচর পাওয়া যাবে না। কারণ বর্তমান সময়ে শিক্ষকরা শিক্ষকতাটাকে পেশা হিসাবে নিয়েছেন। নেশা হিসাবে নয়। আর বদিউর রহমানরা শিক্ষকতাকে নেশা হিসাবে নিয়েছিলেন, পেশা হিসাবে নয়। তাই তাঁরা অসংখ্য ছাত্র-ছাত্রীর জন্ম দিয়েছিলেন যারা আজ স্বমহিমায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
অধ্যাপক বদিউর রহমানদের মত শিক্ষাবিদদের দৈহিক মৃত্যু হলেও তারা বেঁচে থাকবেন তাদের তৈরি প্রতিটি ছাত্রের মধ্যে। যেসব যোগ্য ছাত্র আজ সমাজে প্রতিষ্ঠিত হয়ে মূল্যবোধের শিক্ষাকে আগামী প্রজন্মের মধ্যে সঞ্চারিত করছেন তাদের মধ্যে বেঁচে থাকবেন,অধ্যাপক বদিউর রহমান ও অধ্যাপক মনিরুজ্জামানদের মত শিক্ষাবিদরা

