দেশ 

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে-সহ ১৬ বিধায়কের পদ খারিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে দেরি কেন? স্পিকারের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে-সহ ১৬ জন ‘বিদ্রোহী’ শিবসেনা বিধায়কের পদ খারিজের বিষয়ে সিদ্ধান্ত জানতে চেয়ে মহারাষ্ট্র বিধানসভার স্পিকার রাহুল নরবেকরকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা (বালাসাহেব) নেতা উদ্ধব ঠাকরের শিবিরের বিধায়ক সুনীল প্রভু স্পিকারের বিরুদ্ধে ‘ইচ্ছাকৃত বিলম্বের’ অভিযোগ এনে শীর্ষ আদালতে যে আবেদন করেছিলেন, তারই প্রেক্ষিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ আগামী দু’সপ্তাহের মধ্যে এ বিষয়ে স্পিকারের জবাব চেয়েছে।

শিবসেনার বিধায়কদের ভেঙে শিন্ডে মুখ্যমন্ত্রী হয়েছিলেন ২০২২ সালের জুন মাসে। বিজেপির সাহায্য নিয়ে ক্ষমতাচ্যুত করেছিলেন উদ্ধবকে। সে দিন শিন্ডে এবং তাঁর সঙ্গে প্রথম দফায় ‘বিদ্রোহী’ ১৫ জন শিবসেনা বিধায়কদের সেই পদক্ষেপ ‘দলত্যাগ বিরোধী কার্যকলাপ’ ছিল কি না, গত ১১ মে সুপ্রিম কোর্ট তা বিবেচনার ভার দিয়েছিল মহারাষ্ট্র বিধানসভার স্পিকারকে। উদ্ধব শিবিরের অভিযোগ, সেই সিদ্ধান্ত নিতে ‘ইচ্ছাকৃত’ ভাবে দেরি করছেন স্পিকার।

Advertisement

প্রসঙ্গত, শিন্ডে-সহ ১৬ শিবসেনা বিধায়ককে ‘অবস্থান’ স্পষ্ট করতে গত বছরের জুন মাসে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত স্পিকার (তথা ডেপুটি স্পিকার) নরহরি সীতারাম জিরওয়াল। কিন্তু সে সময় কিন্তু শিন্ডে শিবির জানিয়েছিল, ডেপুটি স্পিকারকে সরানোর জন্য আগেই বিধানসভায় প্রস্তাব পেশ করেছেন তাঁরা। তাই তাঁর কৈফিয়ত চাওয়ার অধিকার নেই। এ বিষয়ে সুপ্রিম কোর্টের একটি রায়কেই হাতিয়ার করেছিল শিন্ডেসেনা।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ