কলকাতা 

পঞ্চায়েত ভোটে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী নিয়োগের দাবিতে প্রধান বিচারপতিকে চিঠি দিল শিক্ষক সংগঠন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে না। এমনকি কলকাতা হাইকোর্ট বিরাশি হাজার কেন্দ্রীয় বাহিনীর নিয়োগের কথা বললেও তা মানা হচ্ছে না বলে দেশের শীর্ষ আদালতে প্রধান বিচারপতিকে চিঠি দিলে পশ্চিমবাংলার এক শিক্ষক সংগঠন। ওই শিক্ষক সংগঠন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চিঠি দিয়ে জানিয়েছে রাজ্যের নির্বাচন কমিশন সুষ্ঠু অবাধ পঞ্চায়েত ভোট করতে চাইছে না এমনকি আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হচ্ছে না একই সঙ্গে বিভিন্ন ভোটকেন্দ্রে অশান্তি হওয়ার সম্ভাবনা যেমন রয়েছে অন্যদিকে ভোট প্রচারকে ঘিরেও অশান্তি চলছে। অন্যদিকে রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রের পাঠানো ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করতে চাইছে! এই বাহিনী দিয়ে একদিনের সমগ্র রাজ্যে ভোট করা সম্ভব নয় বলে ওই চিঠিতে শিক্ষক সংগঠন প্রধান বিচারপতিকে জানিয়েছে।

দেশের প্রধান বিচারপতিকে পাঠানো চিঠিতে মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির অভিযোগ, পঞ্চায়েত ভোট ঘিরে রাজ্যের প্রায় প্রতিটি জেলায় হিংসার ঘটনা ঘটছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আদালতের নির্দেশ কার্যকর করছে না নির্বাচন কমিশন। এই অবস্থায় ভোটের কাজে তারা নিরাপত্তার অভাব বোধ করছেন। বাহিনীর বিষয়টিতে হস্তক্ষেপ চেয়ে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির কাছে আবেদন করেছে তারা। চিঠিতে এই সংগঠনের আর্জি, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের ভোটের লক্ষ্যে আদালতের নির্দেশ যাতে মানা হয়, তা নিয়ে হস্তক্ষেপ করুন প্রধান বিচারপতি।

পঞ্চায়েত ভোট ৮২ হাজারের বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। রাজ্য এবং কমিশনের মামলা খারিজ করে কেন্দ্রীয় বাহিনীর পক্ষে রায় দেয় সুপ্রিম কোর্টও। এর পরে আদালতের নির্দেশ অনুযায়ী ৮২২ কোম্পানি বাহিনী চেয়ে কেন্দ্রকে চিঠি পাঠায় কমিশন। স্বরাষ্ট্র মন্ত্রক এখনও পর্যন্ত ৩৩৭ কোম্পানি বাহিনী রাজ্যে পাঠিয়েছে। বাকি ৪৮৫ কোম্পানি বাহিনী নিয়ে তারা এখনও স্পষ্ট কিছু জানায়নি। কমিশনও বাহিনী বিষয়টি নিয়ে নীরব।

তারা জানিয়েছে, বাহিনী চেয়ে কেন্দ্রের কাছে বার বার আবেদন করা হয়েছে। কিন্তু কোনও উত্তর পাওয়া যায়নি। সূত্রের খবর, আপাতত ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়েও ভোটের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় কমিশন। প্রধান বিচারপতিকে দেওয়া চিঠিতে এই সংগঠন দাবি করেছে, একদফার ভোটে ৩৩৭ কোম্পানি বাহিনী পর্যাপ্ত নয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ