৩৬ নয় ৩২ হাজারের কাছাকাছি প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল ভুল সংশোধন করে জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
বাংলার জনরব ডেস্ক : প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের সংখ্যা কমে গেল ৩৬ হাজার থেকে কমে দাড়ালো ৩২ হাজারে। আজ বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তার রায়ের ভুলের অংশটি সংশোধন করে দেন।বিচারপতি জানালেন, ‘‘সংখ্যাটা ৩২ হাজারের কাছাকাছি হবে।’’
গত শুক্রবার প্রাথমিকের ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। মঙ্গলবার সেই রায়টিই সংশোধন করে নিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ওই রায়ে মুদ্রণজনিত ত্রুটি হয়েছে জানিয়ে বিচারপতির কাছে আবেদন করা হয়েছিল। মঙ্গলবার সেই আবেদনের শুনানিতেই বিচারপতির পর্যবেক্ষণ, দু’টি ভুলের কথা বলা হয়েছিল। দু’টি ভুলই সংশোধন করা হবে।
রায়ের ‘টাইপোগ্রাফিক্যাল’ ভুল নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন মামলকারীদের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। প্রথমটি ছিল, প্যানেলের সর্বনিম্ন নম্বর রায়ে লেখা হয়েছে ১৪.১৯১। দ্বিতীয় ভুলটি ছিল, ৩৬ হাজারের নিয়োগে ত্রুটি হয়নি। সংখ্যাটা কিছুটা কম।
মঙ্গলবার বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, চাকরি বাতিলের সংখ্যাটি ৩২ হাজারের কাছাকাছি হবে। আর সর্বনিম্ন নম্বর সংশোধন করে হবে ১৩.৭৯৬।

