জেলা 

আয়কর দফতরের তল্লাশিতে পাওয়া কোটি কোটি টাকার হিসাব দিতে পারবেন জাকির হোসেন!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়ি এবং বিভিন্ন জায়গা থেকে উদ্ধার ১১ কোটি টাকার হিসাব চাইলে আয়কর দফতর। মুর্শিদাবাদের জঙ্গিপুরের বিধায় ক জাকির হোসেন এই প্রসঙ্গে বলেছেন, ‘‘আমি বৃহস্পতিবারই আয়কর দফতরের আধিকারিকদের বলেছিলাম, নগদ টাকা মজুদের ব্যাখ্যা দিতে পারব। আজ আমাকে বলা হয়েছে, ওই টাকা সংক্রান্ত সমস্ত নথি আয়করের অফিসে জমা দিতে।’’

প্রসঙ্গত, বুধবারই তৃণমূলের বিধায়ক জাকিরের বাড়ি, দফতর এবং চালকলে আয়কর কর্তারা তল্লাশি অভিযান চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করেন। পরে বৃহস্পতিবার কেন্দ্রীয় দফতরের তরফে দাবি করা হয়, বিধায়কের বাড়ি থেকে ১১ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। অফিস এবং বাড়ি মিলিয়ে মোট ১৫ কোটি টাকা উদ্ধার হয়েছে বলেও দাবি করা হয় বেশ কয়েকটি সূত্রে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছিল, তবে বিধায়কের কাছে এত নগদ অর্থ এল কী ভাবে? বিধায়ক অবশ্য শুক্রবার জানিয়েছেন, কী ভাবে ওই অর্থ এল, তার ব্যাখ্যা তাঁর কাছে রয়েছে। তিনি আয়কর দফতরে তার নথিও জমা দেবেন। কিন্তু তিনি নিজে কি হাজির হবেন কলকাতার আয়কর দফতরে? বিধায়ক অবশ্য তা স্পষ্ট করেননি। তিনি বলেন, ‘‘আমি সমস্তটা আইনজীবীর মাধ্যমে পাঠিয়ে দেব।’’

প্রসঙ্গত, কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর, রাজ্যের শ্রম দফতরের প্রাক্তন মন্ত্রী জাকিরের সঙ্গে গরু পাচারকাণ্ডের মূল অভিযুক্ত এনামুল হকের যোগসূত্র পাওয়া গিয়েছে। যদিও জাকিরের বাড়ি থেকে অর্থ উদ্ধারের ঘটনায় শাসক দল তৃণমূল জঙ্গিপুরের বিধায়কের পাশেই দাঁড়িয়েছে। এমনকি, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এ-ও বলেন যে, ‘‘জাকির হোসেন একজন বিধায়ক শুধু নন, তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীও। বিড়ি শিল্প থেকে শুরু করে কৃষিভিত্তিক শিল্পে তার যোগ আছে৷ ব্যবসায়ী বাড়িতে নগদ রাখতে পারবেন না এটা কে ঠিক করল? শ্রমিকদের তো নগদে পেমেন্ট দিতে হয়।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ