জেলা 

বীরভূমে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন সাংসদ শতাব্দী রায়

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বীরভূমে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। শুক্রবার রামপুরহাটের মাড়গ্রামে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়েরা। অন্য দিকে, গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে দলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্যকেও।

বিক্ষোভকারীদের বক্তব্য, মেলেরডাঙা থেকে মাড়গ্রাম পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তা তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু তা পালন করা হয়নি। যার জেরে মাড়গ্রাম হয়ে রামপুরহাট যেতে অনেকটা রাস্তা ঘুরে যেতে হয় গ্রামবাসীদের।

এ ছাড়াও আবাস যোজনায় বাড়ি, বার্ধক্যভাতা না-পাওয়া, দুয়ারে সরকারে নাম না-থাকা নিয়েও অনেকে ক্ষোভ উগরে দেন। বিক্ষোভের মুখে পড়া শতাব্দী বলেন, ‘‘অনেকেরই অভিযোগ, তাঁরা আবাস যোজনার বাড়ি, বার্ধক্যভাতা পাননি। দুয়ারে সরকারের সুবিধাও কেউ কেউ পাননি বলে জানালেন। তাঁদের কথা শুনেছি। সকলের যেমন হয়েছে, ওঁদেরও হবে। সকলেই সরকারি প্রকল্পের সুবিধা পাবেন।’’

বালিজুরি গ্রাম পঞ্চায়েতের কুখুটিয়া গ্রামে গিয়ে ক্ষোভের মুখে পড়েন দেবাংশু। গ্রামবাসীদের দাবি, দীর্ঘ দিন ধরে নর্দমা পরিষ্কার করা হয় না এলাকায়। আবাস যোজনার উপভোক্তাদের তালিকায় নাম না-থাকা নিয়েও অনেকে ক্ষোভ প্রকাশ করেন। দেবাংশুও ক্ষুব্ধ গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাঁদের ক্ষোভ প্রশমনের চেষ্টা করেন।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ