কলকাতা 

বিচার প্রক্রিয়ায় বাধা! স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার রুল জারি করলেন বিচারপতি মান্থা, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে হবে শুনানি

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে এজলাসের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন আইনজীবীদের একাংশ। সেই ঘটনায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করলেন বিচারপতি মান্থা। তাঁর অভিযোগ, এই আইনজীবীরা আদালতের বিচার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে। মঙ্গলবার মামলাটি স্বতঃপ্রণোদিত হয়ে গ্রহণ করেছে কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে শুনানি হবে এই মামলার।

সোমবার থেকেই হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন আইনজীবীদের একাংশ। যা মঙ্গলবারও সমানে চলেছে। এমনকি, বিচারপতির এজলাস বয়কটেরও ডাক দিয়েছিলেন এই আইনজীবীরা। আইনজীবীদের সংগঠন বার অ্যাসোসিয়েশনের কয়েক জন সদস্য বিচারপতির মান্থার এজলাস বয়কটের প্রস্তাব আনেন। যা নিয়ে তুমুল গন্ডগোল শুরু হয় হাই কোর্ট চত্বরে। মঙ্গলবার সেই বিষয়েই প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করার প্রস্তাব দিয়েছিলেন হাইকোর্টের কয়েক জন আইনজীবী। তার পরেই এ ব্যাপারে মামলা গ্রহণ করে হাই কোর্ট।

মঙ্গলবার বিকাশরঞ্জন ভট্টাচার্য, সপ্তাংশু বসুর আইনজীবীরা আদালতকে বলেন, যা হচ্ছে তা ভাল হচ্ছে না। এ ব্যাপারে অদালত অবমাননা রুল জারি করে বিক্ষোভকারীদের কাছে জবাব চাওয়া উচিত। হাই কোর্টে যখন আইনজীবীরা এ ব্যাপারে নিজস্ব মতামত জানাচ্ছেন, তখন কেন্দ্রীয় বাহিনী এনে বিক্ষোভ থামানোর প্রস্তাবও দেন কেন্দ্রের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য। প্রধান বিচারপতিকে কেন্দ্রীয় সলিসিটর জেনারেল বলেন, ‘‘যদি হাই কোর্টের বিচারপতির বিরুদ্ধে আইনজীবীদের বিক্ষোভ না থামে তবে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়া যেতে পারে। সে ক্ষেত্রে তিনি সেই ব্যবস্থা করে দিতে পারবেন।’’ যদিও হাই কোর্ট এ বিষয়ে কোনও মতামত জানায়নি। উল্টে আদালত কক্ষে বিক্ষোভরত আইনজীবীদের ধমক দিয়ে সতর্ক করেছন প্রধান বিচারপতি। বিক্ষোভকারীদের সাবধান করে তাঁকে বলতে শোনা যায়, ‘‘এই ঘটনা রেকর্ড করতে বাধ্য করবেন না। কারণ সেটা হলে আপনাদের জন্য ভাল হবে না।’’

এর কিছু পরেই হাই কোর্টে আইনজীবীদের বিক্ষোভের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার এই মামলা দায়ের হওয়ার আগে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবীদের একাংশ। তাঁরা বিচারপতি মান্থার এজলাস ১৩ নম্বর কোর্টের সামনে সোম এবং মঙ্গলবারের কিছু ছবি প্রধান বিচারপতিকে দেখান। বিচারপতি মান্থার বাড়ির সামনে পোস্টারের ছবিও দেখানো হয়। আবেদন করেন, ‘‘যা হচ্ছে তা নিন্দনীয়। এর অবিলম্বে নিষ্পত্তি হওয়া দরকার।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ