শর্তসাপেক্ষে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বিদেশযাত্রায় অনুমতি দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ
বাংলার জনরব ডেস্ক : কুণাল ঘোষের বিদেশযাত্রায় অনুমতি দিলেন কলকাতা হাই কোর্টের দুই বিচারপতি জয়মাল্য বাগচী এবং অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ।
কুণালের হয়ে মামলাটি লড়েন আইনজীবী অয়ন ভট্টাচার্য। মঙ্গলবার এই মামলার শুনানিতে বিচারপতিদের পর্যবেক্ষণ, মামলকারী সাংবাদিক। তিনি সিঙ্গাপুরের এক পলিটেকনিক কলেজের একটি অনুষ্ঠানে যোগ দিতে যেতে চান। এতে তাঁর অধিকার রয়েছে। সিবিআইকে কিছু দিনের জন্য কুণালের পাসপোর্ট ফিরিয়ে দিতে হবে বলেও জানায় ডিভিশন বেঞ্চ।
আগামী ১৬ জানুয়ারি বিদেশ যেতে পারবেন কুণাল। ৩১ জানুয়ারি তাঁর কর্মসূচি শেষ হওয়ার কথা। হাই কোর্টের নির্দেশ, বিদেশ থেকে ফিরে এসেই আবার পাসপোর্ট জমা দিয়ে দিতে হবে কুণালকে। তাঁকে ব্যক্তিগত ৫ লক্ষ টাকার বন্ডে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
শুনানি চলাকালীন কুণালের বিদেশযাত্রার বিরোধিতা করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী জানান, সারদা দুর্নীতির অন্যতম ‘চক্রান্তকারী’ কুণাল। বর্তমানে আর্থিক দুর্নীতির তদন্ত চলছে। কয়েকটি দেশের ব্যাঙ্কের সঙ্গে এ রাজ্যের অবৈধ আর্থিক লেনদেনের যোগ খুঁজে পেয়েছেন তদন্তকারীরা। তার মধ্যে সিঙ্গাপুরও রয়েছে। এই অবস্থায় কুণালের বিদেশযাত্রায় অনুমতি দেওয়া উচিত নয়। তবে সিবিআইয়ের আপত্তি শোনেনি উচ্চ আদালত।

