এক ধাক্কায় তাপমাত্রা কমলো ৬ ডিগ্রি জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই!
বাংলার জনরব ডেস্ক : ডিসেম্বরের শেষে বৃহস্পতিবার সকাল থেকেই তাপমাত্রা দ্রুত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ।একদিনের ব্যবধানে ৬ ডিগ্রি তাপমাত্রা কমে গেছে। গতকাল বুধবার কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন ছিল ২০.৭ ডিগ্রী আজ বৃহস্পতিবার সকালে তা কমে দাঁড়িয়েছে ১৪.৪ ডিগ্রিতে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা আগের চেয়ে অনেকটা কমলেও স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে।
বুধবার এই তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে আবহাওয়া অফিস সূত্রের খবর। আকাশ মূলত পরিষ্কার থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
তবে বছরের শেষে সাময়িক শীতের আমেজ দেখা দিলেও আবার তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছেন আবহবিদেরা। উচ্চচাপ বলয়ের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সমুদ্র থেকে আসা হাওয়ার দাপট বেড়ে যাওয়ার পাশাপাশি, উত্তুরে ঠাণ্ডা হাওয়া বওয়াও কমে গিয়েছিল। সেই কারণে ডিসেম্বরের শেষে পৌঁছেও ঊর্ধ্বমুখী তাপমাত্রার সম্মুখীন হতে হচ্ছিল বঙ্গবাসীকে। এ বার উত্তরবঙ্গের উপর বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে হাওয়া অফিস জানিয়েছে।
তাই নতুন বছরের গোড়াতেই ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। তাই জাঁকিয়ে শীত কবে পড়তে পারে তার পূর্বাভাস মেলেনি।

